ঈদে ২৭টি পশুর হাটে বসছে সিসিটিভি ও ১৫০টি জাল নোট শনাক্তকরণ মেশিন
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদারে সমন্বিত পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ ক্যাম্প, ওয়াচ টাওয়ার এবং জাল নোট শনাক্তকরণ মেশিন বসানোসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
২২ মে, শুক্রবার ডিএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরউদ্দিন রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাসসকে জানান, রাজধানীর সব পশুর হাট ও আশপাশের এলাকায় ইউনিফর্মধারী এবং সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি গাড়ি ও মোটরসাইকেলসজ্জিত টহল দল সার্বক্ষণিক নজরদারি চালাবে।
তিনি বলেন, পশুর হাটগুলোকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে। এছাড়া হাটে পুলিশ ক্যাম্প ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। রাজধানীর প্রবেশ ও বাহিরমুখী গুরুত্বপূর্ণ সড়কে ২৪ ঘণ্টার পুলিশ চেকপোস্ট চালু থাকবে।
জাল নোট প্রতিরোধে হাটগুলোতে পর্যাপ্ত জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে জানিয়ে এন এম নাসিরউদ্দিন বলেন, ডিএমপির পক্ষ থেকে ১৫০টি মেশিন সরবরাহ করা হবে। পাশাপাশি সিটি করপোরেশন, ইজারাদার ও ব্যাংকগুলোকে অতিরিক্ত মেশিনের ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে।
তিনি জানান, গত ১ মে থেকে জাল নোট চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল নোট ও সরঞ্জামসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে ছিনতাই ও চাঁদাবাজি ঠেকাতে পুলিশকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, ১ মে থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে এখন পর্যন্ত ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজসহ এক হাজার ৯০০ জনের বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রায় ২০০ জন তালিকাভুক্ত এবং ৪০০ জন তালিকাবহির্ভূত চাঁদাবাজ।
বড় অঙ্কের অর্থ নিরাপদে পরিবহনের জন্য এবারও ‘মানি এসকর্ট’ সেবা দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া রাজধানীর শপিং মল ও বাণিজ্যিক এলাকায় নারী পুলিশ সদস্যসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
ডিএমপি জানায়, ঈদের সময় অনেক মানুষ ঢাকার বাইরে চলে যাওয়ায় আবাসিক এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধে টহল জোরদার করা হবে।
এ বছর রাজধানীতে মোট ২৭টি পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় ১৬টি হাট থাকবে। পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণের কারণে স্থায়ী সারুলিয়া পশুর হাট এ বছর বন্ধ থাকবে।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, অস্থায়ী পশুর হাটগুলোতে যানজট নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, পানি সরবরাহ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
#ডিবিটেক/বাসস/এমইউএম//



