মোবাইলেও এলো ওপেনএআইয়ের ‘কোডেক্স’, দূর থেকেই নিয়ন্ত্রণ করা যাবে কোডিং প্রজেক্ট

মোবাইলেও এলো ওপেনএআইয়ের ‘কোডেক্স’, দূর থেকেই নিয়ন্ত্রণ করা যাবে কোডিং প্রজেক্ট
১৬ মে, ২০২৬ ১৮:৫৩  

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোডিং সহকারী ‘কোডেক্স’-এর মোবাইল সমর্থন চালু করেছে ওপেন এআই। ফলে এখন থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা চ্যাটজিপিটি অ্যাপের মাধ্যমে দূর থেকেই নিজেদের কম্পিউটারে চলমান কোডিং প্রজেক্ট নিয়ন্ত্রণ ও তদারকি করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক এর সঙ্গে প্রতিযোগিতা এবং ওপেনএআইয়ের দীর্ঘমেয়াদি ‘সুপার অ্যাপ’ পরিকল্পনার অংশ হিসেবেই এই আপডেট আনা হয়েছে।

গত বসন্তে বাজারে আসে কোডেক্স–এর ম্যাক ও উইন্ডোজ সংস্করণ। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, খুব দ্রুত মোবাইল সংস্করণও চালু হবে। অবশেষে শুক্রবার থেকে চ্যাটজিপিটির সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হয়েছে। এমনকি ফ্রি ও ‘গো’ প্ল্যান ব্যবহারকারীরাও এখন মোবাইল অ্যাপের মাধ্যমে কোডেক্সে সংযুক্ত হতে পারবেন।

তবে সরাসরি স্মার্টফোনে বসে কোড লেখা যাবে না। বরং চ্যাটজিপিটি মোবাইল অ্যাপ এখানে একটি রিমোট কন্ট্রোল বা সংযোগমাধ্যম হিসেবে কাজ করবে। এর সাহায্যে ব্যবহারকারীরা ঘরের কম্পিউটার বা অফিসের রিমোট সার্ভারে চালু থাকা কোডিং পরিবেশের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

এই ব্যবস্থার বড় সুবিধা হলো, ব্যবহারকারীর ফাইল, পাসওয়ার্ড ও বিভিন্ন অ্যাক্সেস অনুমতি মূল কম্পিউটারেই নিরাপদ থাকবে। অন্যদিকে মোবাইল অ্যাপ ব্যবহারকারীকে রিয়েল-টাইম আপডেট, স্ক্রিনশট ও টেস্ট রেজাল্ট পাঠাবে। ফলে বাইরে থাকলেও ফোন থেকেই কোডেক্সকে নতুন নির্দেশনা দেওয়া যাবে।

নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারী বাসা বা অফিসে কোনো কোডিং টাস্ক চালু রেখে বাইরে গেলেও কাজ থেমে থাকবে না। প্রকল্পের কোনো গুরুত্বপূর্ণ ধাপে সিদ্ধান্ত প্রয়োজন হলে সফটওয়্যারটি নিজেই ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করবে। এতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এবং সময়ও বাঁচবে।

ওপেনএআই জানিয়েছে, কোডেক্সের অভ্যন্তরীণ প্রযুক্তিতে একটি নিরাপদ “রিলে লেয়ার” ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীর বিশ্বস্ত কম্পিউটারগুলোকে সরাসরি পাবলিক ইন্টারনেটের মুখোমুখি না করেই অন্যান্য ডিভাইসের সঙ্গে সংযুক্ত রাখা সম্ভব হবে। পাশাপাশি ব্যবহারকারী যেখানেই চ্যাটজিপিটিতে লগইন করবেন, সেখানেই চলমান কাজের অবস্থা স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হয়ে যাবে।

বিশ্লেষকদের মতে, এটি শুধু অ্যানথ্রপিকের ক্লাউড –এর জবাব নয়; বরং ওপেনএআইয়ের বড় পরিসরের ‘সুপার অ্যাপ’ কৌশলের অংশ। গত মার্চে প্রতিষ্ঠানটি জানায়, তারা এমন একটি সমন্বিত ডেস্কটপ প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে, যেখানে চ্যাটজিপিটি, কোডেক্স এবং তাদের পরীক্ষাধীন ‘অ্যাটলাস’ ওয়েব ব্রাউজার একসঙ্গে কাজ করবে।

নতুন সুবিধাটি ব্যবহার করতে হলে স্মার্টফোনের চ্যাটজিপিটি অ্যাপ এবং ম্যাকের কোডেক্স অ্যাপ সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে। ওপেনএআই জানিয়েছে, খুব শিগগিরই উইন্ডোজ অ্যাপের জন্যও একই ধরনের সংযোগ সুবিধা চালু করা হবে।
ডিবিটেক/বিডিটি/এমআই