'Lionel Messi' বা 'Messi' লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে আর্জেন্টিনার রঙে আতশবাজির বিশেষ ইফেক্ট
মেসির বিশ্বকাপ গোলরেকর্ড উদ্যাপনে গুগলের বিশেষ অ্যানিমেশন
লিওনেল মেসির সাম্প্রতিক কীর্তি উদ্যাপনে Google Search-এ যুক্ত হয়েছে বিশেষ অ্যানিমেশন। বাংলা বা ইংরেজিতে ‘Lionel Messi’ বা ‘Messi’ সার্চ করলেই পর্দাজুড়ে দেখা যাচ্ছে আর্জেন্টিনার রঙের ফুটবল ও আতশবাজির ইফেক্ট।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। মাঠের এই ঐতিহাসিক অর্জন উদ্যাপনে বিশেষ অ্যানিমেশন যুক্ত করেছে Google Search।
বর্তমানে বাংলা বা ইংরেজিতে ‘লিওনেল মেসি’, ‘মেসি’, ‘Lionel Messi’ অথবা ‘Messi’ লিখে সার্চ করলে স্মার্টফোন ও কম্পিউটারের পর্দায় বিশেষ ভিজ্যুয়াল ইফেক্ট দেখা যাচ্ছে। সার্চ ফলাফলের সঙ্গে মেসির ছবি এবং আর্জেন্টিনা দলের আকাশি-সাদা রঙের ফুটবল ও আতশবাজির অ্যানিমেশন প্রদর্শিত হচ্ছে।
অ্যানিমেশনে একটি ফুটবল নিচ থেকে ওপরে উঠে মিলিয়ে যায়। এরপর সার্চ ফলাফলের নিচের অংশে একটি বিশেষ আতশবাজির আইকন দেখা যায়। আইকনটিতে ক্লিক করলে পুরো স্ক্রিনজুড়ে আর্জেন্টিনার রঙে আতশবাজির আলোকচ্ছটা ছড়িয়ে পড়ে।
২৩ জুন, সোমবার দিবাগত রাতে অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩৮তম মিনিটে গোল করে নতুন রেকর্ড গড়েন মেসি। পরে ম্যাচে আরও একটি গোল করেন তিনি।
দুই গোলের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন রেকর্ড গড়েছেন।
১৬ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। একই সংখ্যক গোল নিয়ে তাঁর সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
কোনো বড় ক্রীড়া অর্জন বা বৈশ্বিক ঘটনা উপলক্ষে ব্যবহারকারীদের জন্য বিশেষ সার্চ অভিজ্ঞতা তৈরি করা Google-এর দীর্ঘদিনের একটি উদ্যোগ। মেসির এই রেকর্ড উদ্যাপনে যুক্ত হওয়া নতুন অ্যানিমেশনও সেই ধারাবাহিকতার অংশ।
//ডিবিটেক/পিএ/ইকে//





