ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে নতুন প্রযুক্তি
উন্নত ডিআরএস: আম্পায়ারিংয়ে এল নতুন সনিক
- ডিআরএসে যুক্ত হলো নিউজিল্যান্ডের তৈরি 'সনিক' প্রযুক্তি
- অডিও বিশ্লেষণে ব্যাটে বলের স্পর্শ সহজে মিলবে
- প্রযুক্তিগত সেবা দিচ্ছে স্পোর্টস ডাটা প্রযুক্তি প্রতিষ্ঠান ভার্চুয়াল আই
ব্যাটে বলের স্পর্শ লেগেছে কি না তা নির্ধারণে এবার আরও উন্নত প্রযুক্তির সহায়তা পেতে যাচ্ছেন আম্পায়াররা। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়েই প্রথমবারের মতো ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) যুক্ত হয়েছে নিউজিল্যান্ডের তৈরি ‘সনিক’ প্রযুক্তি।
২২ অক্টোবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচ থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সূত্র বলছে, আপাতত নিউজিল্যান্ডের মাটিতে এই সিরিজেই প্রযুক্তিটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে অন্য সিরিজে এর ব্যবহার নির্ভর করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বীকৃতি ও অনুমোদনের ওপর।
ব্যাট ও বলের সূক্ষ্ম সংস্পর্শ শনাক্ত করার এই ডিজিটাল ব্যবস্থা যুক্ত হওয়ায় সিরিজে ডিআরএসের পুরো প্রযুক্তিগত পরিষেবা দিচ্ছে ভার্চুয়াল আই। ২০০৮ সাল থেকে বল ট্র্যাকিং প্রযুক্তির জন্য আইসিসির স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটি মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত নিতে সহায়তা করার পাশাপাশি অ্যালগরিদম ও উচ্চমানের সাউন্ড সেন্সরের মাধ্যমে দর্শকদের দেখার অভিজ্ঞতাও উন্নত করবে।
'সনিক' প্রযুক্তিতে মূলত উন্নত অডিও বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। ব্যাটে বল লেগেছে কি না, তা নিয়ে সন্দেহ থাকলে এটি সাউন্ড ওয়েভ বিশ্লেষণ করে অতি দ্রুততম সময়ে ফলাফল আউটপুট দেয়। ফলে তৃতীয় আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে এটি সহায়তা করবে এবং বিশেষ করে কাছাকাছি ও জটিল সিদ্ধান্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, আইসিসির সঙ্গে আলোচনা করে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা, কার্যকারিতা যাচাই ও স্বাধীন মূল্যায়নের পর এই অনুমোদন দেওয়া হয়েছে। প্রযুক্তিগত এই রূপান্তর প্রক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পূর্ণ সমর্থন ছিল।
ভার্চুয়াল আইয়ের প্রধান নির্বাহী বেন টেলর জানান, প্রযুক্তিটি তৈরি ও আরও উন্নত করতে তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দল দীর্ঘ সময় ধরে কাজ করেছে। আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ পর্যায়ে প্রয়োজনীয় মান পূরণের পাশাপাশি অত্যন্ত নির্ভুলতা ও ধারাবাহিকতা নিশ্চিত করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। এই সিরিজে ‘সনিক’ প্রযুক্তির ব্যবহার সফল হলে ডিআরএসে শব্দ বিশ্লেষণ প্রযুক্তির প্রয়োগ ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
//ডিবিটেক/বিটিআর/এসএমই/এমভিএনও//





