দেশের সব সেচ পাম্প সোলারের আওতায় আনার পরিকল্পনা, কৃষিকে আনা হবে সমন্বিত ডাটাবেজে
১ বছরের মধ্যে গভীর ও অগভীর নলকূপে সৌরচালিত ব্যবস্থা বাস্তবায়ন
দেশের শতভাগ সেচ পাম্পকে সৌরশক্তির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। গভীর ও অগভীর—সব ধরনের নলকূপে সোলারচালিত ব্যবস্থা চালুর জন্য প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনার কথা তুলে ধরলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
২ মে, শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদ আয়োজিত নবম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার আগামী এক বছরের মধ্যে দেশের সব সেচ পাম্প সোলারের আওতায় আনার চেষ্টা করবে। তাঁর ভাষায়, “সেচ পাম্প সোলারে চললে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে। এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।”
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে কৃষক কার্ড চালু করেছে। এর মাধ্যমে কৃষিকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় আনা হবে।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষক কার্ডের লক্ষ্য হলো চাহিদা অনুযায়ী ফসল উৎপাদন ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা। অনলাইনভিত্তিক তথ্য ব্যবস্থার মাধ্যমে কৃষক জানতে পারবেন কোন জমিতে কী পরিমাণ ফসল চাষ করা প্রয়োজন। এতে অতিরিক্ত উৎপাদন কমবে এবং বাজারে ফসলের দামের ভারসাম্য বজায় থাকবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তবমুখী করে তোলে এবং গণতন্ত্র চর্চায় যুক্তির বিকল্প নেই। একটি যুক্তিনির্ভর সমাজ গঠনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন মন্ত্রী।
ডিবিটেক/এসআই/ইকে



