ত্রিশালের ২৫ পুকুরেই দূষণের চিহ্ন
চাষের মাছেও মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগে খাদ্যনিরাপত্তা
- ছয় প্রজাতির ১৫০টি মাছের পরিপাকতন্ত্রে ৯০টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত
- পরীক্ষিত ২৫টি পুকুরের সবগুলোর তলদেশের পলিতে প্লাস্টিক কণা পাওয়া গেছে
- মানুষের স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে মাছের পেশি ও অন্যান্য উপাদান নিয়ে আরও গবেষণা প্রয়োজন
দেশের অন্যতম প্রধান প্রোটিনের উৎস বাণিজ্যিকভাবে চাষ করা মাছের পরিপাকতন্ত্রেও মিলেছে পরিবেশদূষণের জন্য দায়ী অতিক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২৫টি বাণিজ্যিক মাছের খামারের পুকুরের তলদেশের পলি এবং ছয় প্রজাতির ১৫০টি মাছ পরীক্ষা করে এসব কণার উপস্থিতি পেয়েছেন গবেষকেরা। মাছের পরিপাকতন্ত্রে মোট ৯০টি কণা শনাক্ত হয়েছে। অন্যদিকে, পরীক্ষিত প্রতিটি পুকুরের পলিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। গবেষণার ফলাফল জলজ পরিবেশের মান ও খাদ্যনিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খানের নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক যৌথ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ‘মাইক্রোপ্লাস্টিক ইন ফ্রেশওয়াটার অ্যাকুয়াকালচার: এভিডেন্স অব সেডিমেন্ট–ফিশ ট্রান্সফার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইকোলজিক্যাল রিস্কস ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Environmental Pollution-এ প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশের মিঠাপানির মাছ চাষের পুকুরের পলি ও মাছের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, বৈশিষ্ট্য এবং সম্ভাব্য পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে।
১৫০ মাছের পরিপাকতন্ত্রে ৯০ কণা
গবেষণার অংশ হিসেবে ত্রিশাল উপজেলার ২৫টি বাণিজ্যিক মাছের খামার থেকে পুকুরের তলদেশের পলি এবং ছয় প্রজাতির মাছের নমুনা সংগ্রহ করা হয়। প্রজাতিগুলো হলো রুই, কাতলা, পাঙাশ, মৃগেল, কমন কার্প ও সরপুঁটি। প্রতিটি প্রজাতি থেকে ২৫টি করে মোট ১৫০টি মাছ নিয়ে রাসায়নিক ও অণুবীক্ষণিক বিশ্লেষণ করা হয়।
বিশ্লেষণে মাছের পরিপাকতন্ত্রে মোট ৯০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া যায়। প্রতি মাছের পরিপাকতন্ত্রে গড়ে ০.৬০টি কণা শনাক্ত হয়েছে।
প্রজাতিভেদে মাইক্রোপ্লাস্টিক গ্রহণের মাত্রায় পার্থক্য দেখা গেছে। সরপুঁটিতে গড়ে সবচেয়ে বেশি, প্রতি মাছে ১.২০টি কণা পাওয়া গেছে। রুই ও কালিবাউশে এ হার ছিল গড়ে ০.৬৮টি করে। তবে গবেষণার নমুনা সংগ্রহের তালিকায় ছয় প্রজাতির মধ্যে কালিবাউশের পরিবর্তে কমন কার্পের নাম উল্লেখ রয়েছে।
মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়ার হারও প্রজাতিভেদে ভিন্ন ছিল। পাঙাশে এ হার সর্বোচ্চ ৪০ শতাংশ এবং রুইয়ে ৩৬ শতাংশ। কাতলা ও মৃগেলে ২০ শতাংশ করে এবং কমন কার্প ও সরপুঁটিতে ১৬ শতাংশ হারে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
তলদেশে থাকা মাছের সংস্পর্শ বেশি
পরীক্ষা করা ২৫টি পুকুরের প্রতিটির তলদেশের পলিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি কেজি পলিতে গড়ে ১১.০৪টি কণা শনাক্ত হয়েছে।
মাছের বসবাসের স্তর ও খাদ্যাভ্যাসের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক গ্রহণের সম্পর্কও দেখা গেছে। পুকুরের তলদেশে বসবাসকারী মাছের ক্ষেত্রে গ্রহণের হার ৫২ শতাংশ। মধ্যস্তরে বসবাসকারী মাছের ক্ষেত্রে এ হার ৩৫ শতাংশ এবং পানির উপরিভাগে বসবাসকারী মাছের ক্ষেত্রে ১৩ শতাংশ।
খাদ্যাভ্যাসের ভিত্তিতে সর্বভুক মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক গ্রহণের হার ৫৮ শতাংশ, আর তৃণভোজী মাছের ক্ষেত্রে ৪২ শতাংশ।
গবেষণায় মাছের শারীরিক অবস্থা মূল্যায়নের সূচকও বিশ্লেষণ করা হয়েছে। ফাল্টনের কন্ডিশন ফ্যাক্টর বা কে-মান সরপুঁটিতে সর্বোচ্চ ২.২৭ পাওয়া গেছে। বিপরীতে কাতলা ও পাঙাশে এ মান ছিল যথাক্রমে ০.৩৫ ও ০.৩৭।
পুকুরের পলিতে দূষণমাত্রা ৪.৫
পুকুরের তলদেশের পলিতে প্লাস্টিক দূষণের মাত্রা নির্ণয়ে গবেষকেরা পলিউশন লোড ইনডেক্স (পিএলআই) ব্যবহার করেন। নমুনাগুলোতে এ সূচকের মান ছিল ১ থেকে ৪.৫। কয়েকটি নমুনায় দূষণের মাত্রা অত্যন্ত উচ্চ পর্যায়ে পাওয়া গেছে।
গবেষকদের মতে, পুকুরের তলদেশের পলি মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘমেয়াদি আধার হিসেবে কাজ করতে পারে। পলি থেকে এসব কণা মাছের খাদ্যগ্রহণের মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করতে পারে। ফলে মাছের বসবাসের পরিবেশ ও খাদ্য সংগ্রহের ধরন মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ব্যাগ, জাল ও পাইপ সম্ভাব্য উৎস
মাছ ও পলির নমুনায় শনাক্ত প্লাস্টিকের রাসায়নিক গঠন বিশ্লেষণ করে একাধিক ধরনের পলিমারের উপস্থিতি পাওয়া গেছে।
মাছের পরিপাকতন্ত্রে শনাক্ত কণার মধ্যে পলিপ্রোপিলিন ছিল ২৪ শতাংশ, পলিস্টাইরিন ২১ শতাংশ, পলিকার্বনেট ১৯ শতাংশ, সেলুলোজ অ্যাসিটেট ১৫ শতাংশ, পলিইথিলিন টেরেফথালেট ১৩ শতাংশ এবং পলিইথিলিন ৮ শতাংশ।
অন্যদিকে, পুকুরের পলিতে সবচেয়ে বেশি পাওয়া গেছে পলিইথিলিন—৩৯ শতাংশ। এরপর রয়েছে পলিপ্রোপিলিন, ২৭ শতাংশ।
গবেষকদের বিশ্লেষণে মাছের খাদ্যের প্লাস্টিকের ব্যাগ ও প্যাকেজিং, মাছ ধরার নাইলন ও পলিয়েস্টারের জাল, পুকুরের পাড়ে ব্যবহৃত প্লাস্টিকের ত্রিপল এবং সেচকাজে ব্যবহৃত প্লাস্টিকের পাইপের ক্ষয়কে মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মাছের পরিপাকতন্ত্রে পাওয়া কণার মধ্যে ১ থেকে ৫ মিলিমিটার আকারের কণার আধিক্য ছিল। আকৃতির দিক থেকে খণ্ডিত ও অনিয়মিত কণা এবং তন্তু বা ফাইবার বেশি পাওয়া গেছে। রঙের মধ্যে কালো কণার পরিমাণ ছিল সর্বোচ্চ ৩৩ শতাংশ।
মানুষের স্বাস্থ্যঝুঁকি জানতে আরও গবেষণা প্রয়োজন
মাইক্রোপ্লাস্টিক বলতে সাধারণত পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে বোঝানো হয়। প্লাস্টিকজাত বর্জ্য ভেঙে পরিবেশে এসব কণা তৈরি হতে পারে। জলাশয়ের তলদেশে জমে থাকা কণা মাছের খাদ্যগ্রহণের সময় পরিপাকতন্ত্রে প্রবেশ করতে পারে।
বাণিজ্যিক মাছ চাষের পুকুরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি জলজ পরিবেশের মান ও খাদ্যনিরাপত্তা মূল্যায়নের প্রয়োজনীয়তা সামনে এনেছে। তবে মাছের পরিপাকতন্ত্রে কণা শনাক্ত হওয়া মানেই মাছের ভক্ষণযোগ্য পেশিতেও একই মাত্রায় কণা রয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
প্রধান গবেষক অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খানের ভাষ্য, “গবেষণায় মাছের পরিপাকতন্ত্র পরীক্ষা করা হলেও মানুষের খাওয়ার উপযোগী মাছের পেশিতে মাইক্রোপ্লাস্টিক জমার পরিমাণ সরাসরি পরিমাপ করা হয়নি। ফলে এসব মাছ খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে কতটা মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করতে পারে বা এর স্বাস্থ্যগত প্রভাব কী, তা এই গবেষণা থেকে নিশ্চিতভাবে বলা যায় না।”
তিনি মনে করেন, “ভবিষ্যৎ গবেষণায় মাছের পেশিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এবং ভারী ধাতু ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিকের সঙ্গে এর সম্মিলিত প্রভাব পরীক্ষা করার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মাছের খামারে ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ, জাল ও অন্যান্য সরঞ্জাম যথাযথভাবে সংগ্রহ ও পুনর্ব্যবহার, পুকুরে প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধ, পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার এবং পুকুরের পানি ও পলির গুণগত মান নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।”
//ডিবিটেক/আরবিসিএন/এমএসআই/এমভিএনও//





