জেট ফুয়েলের দাম লিটারে কমলো প্রায় ২২ টাকা
টানা তিন দফা মূল্যবৃদ্ধির পর দেশে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৭ মে, বৃহস্পতিবার কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, নতুন দাম বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হবে।
চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে তা সামান্য বেড়ে ৯৫ টাকা ১২ পয়সা হয়।
পরে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ২০২৬ শুরুর পর মার্চে প্রথম দফায় দাম বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়। এরপর ২৪ মার্চ দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধি করে লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ২০২ টাকা ২৯ পয়সা। সর্বশেষ এপ্রিলে দাম বেড়ে দাঁড়ায় ২২৭ টাকা ৮ পয়সায়।
ডিবিটেক/এসএইচ/ইকে



