বিডার ওএসএস প্ল্যাটফর্মে পেমেন্ট অনুমোদনে সময় কমেছে ৯২ শতাংশ

বিডার ওএসএস প্ল্যাটফর্মে পেমেন্ট অনুমোদনে সময় কমেছে ৯২ শতাংশ
৭ মে, ২০২৬ ১৪:৫৩  

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের পেমেন্ট অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

বিডার কর্মকর্তারা জানান, সেবাটি সম্পূর্ণ অনলাইনে চালু হওয়ায় উচ্চপর্যায়ের আইসিটি সেল এবং বহির্গামী রেমিট্যান্স অনুমোদনের সময় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আগে যেখানে এসব প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৬০ কার্যদিবস সময় লাগত, এখন তা কমে ৭ থেকে ১০ কার্যদিবসে নেমে এসেছে। এতে বিডার সেবার গতি প্রায় ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সেবাগুলো সহজ, স্বচ্ছ ও দ্রুত করা জরুরি। সেবাটি পুরোপুরি ডিজিটাল করার ফলে যাচাই ও অনুমোদন প্রক্রিয়া আরও গতিশীল ও তদারকিযোগ্য হয়েছে। এতে বিনিয়োগকারীরা দ্রুত, নির্ভরযোগ্য ও কার্যকর সেবা পাবেন।

২০২৪ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এই অনলাইন সেবা চালু করা হয়। ডিজিটাল পদ্ধতি চালুর আগে বিদেশি কোম্পানিগুলোকে প্রায় ৫০০ পৃষ্ঠার নথিপত্র জমা দিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। যাচাই-বাছাই, ব্যাংকের সঙ্গে সমন্বয় এবং অন্যান্য আইনি ও দাপ্তরিক অনুমোদন সম্পন্ন করতে সাধারণত দেড় থেকে দুই মাস সময় লাগত।

বর্তমানে বিডার ওএসএস পোর্টালকে ডিজিটাল ইন্টারফেস হিসেবে ব্যবহার করায় যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। বিনিয়োগকারীরা এখন অনলাইনে আবেদন জমা দেওয়ার পাশাপাশি আবেদনের অগ্রগতিও পর্যবেক্ষণ করতে পারছেন, ফলে স্বচ্ছতাও বেড়েছে।

কর্তৃপক্ষ জানায়, বর্তমানে bidaquickserv.org পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং ই-পেমেন্ট সুবিধাও পুরোপুরি অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। গত এপ্রিল মাসে বিডার ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে চারটি পেমেন্ট অনুমোদন সফলভাবে সম্পন্ন হয়েছে।

বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টির বেশি বিনিয়োগসেবা এক জায়গা থেকে পাওয়া যাচ্ছে। এর মধ্যে বিডার নিজস্ব ৪০টি সেবাও অন্তর্ভুক্ত রয়েছে।

ডিবিটেক/বিএনও/এমইউএম