প্রথমবার ‘সেমিকন সাউথইস্ট এশিয়া ২০২৬’-এ প্রদর্শক হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো-এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো প্রদর্শক হিসেবে সেমিকন সাউথইস্ট এশিয়া ২০২৬-এ অংশ নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্র-এ ৫ থেকে ৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এ আয়োজন। এবারের প্রতিপাদ্য ‘আগামীর রূপান্তর’।
প্রদর্শনীতে বিএসআইএ-এর সদস্য তিন প্রতিষ্ঠান—প্রাইম সিলিকন টেকনোলজি লিমিটেড, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড এবং সিলিকোনোভা লিমিটেড—তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা উপস্থাপন করছে।
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বিএসআইএ বুথ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার এ উদ্যোগকে স্বাগত জানান।
বিএসআইএ সভাপতি এম. এ. জব্বার বলেন, এটি বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের নতুন যাত্রার সূচনা। এর মাধ্যমে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
প্রসঙ্গত, ৫ মে মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি জোহারি আবদুল গনি প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অজিত মানোচা এবং লিন্ডা ট্যান আঞ্চলিক সহযোগিতা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় বিএসআইএ প্রতিনিধি দল মালয়েশিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াং-এর সঙ্গে বৈঠক করে দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতা ও অংশীদারিত্ব নিয়ে আলোচনা করে।
সেমিকন সাউথইস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে যুক্ত হওয়ার লক্ষ্যে দেশের ক্রমবর্ধমান সক্ষমতা ও আগ্রহের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিবিটেক/এসআই/এমইউআইএম



