গুজব প্রতিরোধ সহ ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে আইসিটি-টেলিকম ও বিজ্ঞান মন্ত্রণালয়

গুজব প্রতিরোধ সহ ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে আইসিটি-টেলিকম ও বিজ্ঞান মন্ত্রণালয়
৫ মে, ২০২৬ ১৪:৫১  
৬ মে, ২০২৬ ১৭:৫১  
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন আজ। এ উপলক্ষে ৫ মে মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত হয় তৃতীয় অধিবেশন।
এই অধিবেশনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ অংশ নেন।
এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন, ডাক ও টেলিযোগাযোগ সচিব বিলকিস জাহান রিমি, আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেন, বিটিআরসি চেয়ারম্যান (অব) মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। 
সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।  বৈঠক শেষে মন্ত্রী জানান ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে জেলা পর্যায়ে কাজ চলমান রয়েছে। এছাড়াও গুজব ও সাইবার বুলিং প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। 
মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার সামনে রেখে আইসিটি, টেলিযোগাযোগ ও বিজ্ঞান তিনটি মন্ত্রণালয়ই একযোগে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী ১৮০ দিন বা ৬ মাসের যে কর্মপরিকল্পনা নেয়া দিয়েছেন সেটিকে সামনে রেখে আমরা কাজ করছি। 
এসময়  মাঠ পর্যায়ে গুজব প্রতিরোধে ডিসিদের সহায়তা চান আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেন।
প্রসঙ্গত, দিনব্যাপী মোট আটটি কার্য-অধিবেশনের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে দিনের প্রথম কার্য-অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক, ভূমি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও ডিসিদের সঙ্গে মতবিনিময় করছেন। বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তৃতীয় দিনের কর্মসূচি শেষ হবে।
ডিবিটেক/এসএইচ/ইকে