১২ জুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট ২০২৬’
তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধানে দক্ষ করে তুলতে আগামী ১২ জুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘‘দ্য ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট ২০২৬’’। ‘বিল্ড লোকালি, লিড গ্লোবালি’ স্লোগানে আয়োজিত এই উৎসবে দেশ-বিদেশের প্রায় ১,০০০ অংশগ্রহণকারী এবং ২০০টি দল অংশ নেবে। ক্লাউড ক্যাম্প বাংলাদেশ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-কমার্স ও সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন খাতে এআই-নির্ভর উদ্ভাবনী সমাধান তৈরির সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
উৎসবে যোগ দিতে অনলাইনে নিবন্ধন করতে পারবেন আগ্রহীরা।
উৎসবে অংশগ্রহণের জন্য পাঁচটি ডোমেইন থেকে যেকোনো একটি নির্বাচন করে প্রাথমিক রেজিস্ট্রেশন শেষে বিস্তারিত তথ্য জমা দিতে হবে। অনলাইন জাজিংয়ের মাধ্যমে নির্বাচিত ২০০টি দল মূল প্রতিযোগিতায় লড়ার সুযোগ পাবে। পাঁচটি ডোমেইন থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ এবং বিশেষ ‘৫ এক্স প্রম্পট চ্যালেঞ্জ’ থেকে ৫ জনসহ মোট ১৫টি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য প্রাইজমানিসহ গ্লোবাল মেন্টর ও ইনভেস্টরদের সাথে কাজ করার সুযোগ থাকবে। যেকোনো বয়স ও পেশার মানুষের জন্য উন্মুক্ত এই আয়োজনে অংশগ্রহণ করতে কোনো ফি লাগবে না।
আয়োজনের অন্যতম আকর্ষণ ‘অপরচুনিটি কানেক্ট’, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা রিক্রুটার, ইনভেস্টর এবং গ্লোবাল মেন্টরদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। ক্লাউড ক্যাম্প বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন, "আমরা তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে তারা এআই দিয়ে নতুন কিছু তৈরি করতে শিখবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে।"
আয়োজনটির প্রযুক্তিগত সহযোগিতায় রয়েছে আমাজন ওয়েব সার্ভিসেস (AWS), লাভেবল এবং রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে রাইজআপ ল্যাবস ও আস্থা আইটি এবং একাডেমিক পার্টনার হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই আয়োজনের সাথে যুক্ত রয়েছে।
ডিবিটেক/এসবিও/এমইকে



