ইউবিসফটের ৪০ কর্মী ছাঁটাই
ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট তাদের টরন্টো স্টুডিও থেকে প্রায় ৪০ জন কর্মী ছাঁটাই করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কানাডাভিত্তিক সংবাদমাধ্যম মোবাইল সিরাপ। খবর এনগ্যাজেট।
প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের প্রতীক্ষিত গেম ‘স্প্লিন্টার সেল রিমেক’-এর উন্নয়নকাজ চলছে এই টরন্টো স্টুডিওতেই। ছাঁটাইয়ের পরেও গেমটির কাজ চলবে বলে নিশ্চিত করেছে ইউবিসফট। তবে ঠিক কতজন কর্মী এই প্রকল্পে কাজ করছিলেন এবং তাদের কতজন ছাঁটাইয়ের শিকার হয়েছেন, তা জানায়নি প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে ইউবিসফট জানায়, “এই সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি। যাদের চাকরি গেছে, তাদের প্রতিভা ও নিষ্ঠা অসামান্য। ক্ষতিগ্রস্তদের জন্য আমরা আর্থিক সহায়তা প্যাকেজ ও ক্যারিয়ার প্লেসমেন্ট সহায়তার ব্যবস্থা করছি।” টরন্টো স্টুডিও ইউবিসফটের বৃহত্তম স্টুডিওগুলোর একটি, যারা আগে ‘ওয়াচ ডগস: লিজিয়ন’ ও ‘ফার ক্রাই ৬’-এর মতো গেম তৈরি করেছে।
এই ছাঁটাই ইউবিসফটের সামগ্রিক পুনর্গঠনের অংশ। সম্প্রতি সুইডেনের স্টুডিওতেও ছাঁটাই করা হয়েছে এবং প্যারিস সদর দপ্তর থেকে ২০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর পাওয়া গেছে। গত সপ্তাহে ‘প্রিন্স অব পার্সিয়া: দ্য স্যান্ডস অব টাইম’-এর একটি উচ্চাভিলাষী রিমেক বাতিলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর প্রতিবাদে সম্প্রতি ১২০০ ইউবিসফট কর্মী ধর্মঘটে যান।
২০২১ সালে প্রথম ঘোষণা হওয়ার পর থেকে ‘স্প্লিন্টার সেল রিমেক’-এর উন্নয়নকাজ বেশ ধীরগতিতে চলছে। ছাঁটাইয়ের পরেও গেমটির কাজ চলমান থাকার আশ্বাস দিয়েছে ইউবিসফট।
ডিবিটেক/বিএমটি







