কক্ষপথে ফক্সকনের দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট

কক্ষপথে ফক্সকনের দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট
৪ মে, ২০২৬ ১৪:০০  

আইফোন নির্মাতা হিসেবে বিশ্বখ্যাত তাইওয়ানের প্রতিষ্ঠান ফক্সকন এবার মহাকাশ প্রযুক্তিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল। গত রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় প্রজন্মের দুটি ‘লো-আর্থ অরবিট’ (এলইও) স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে।

ফক্সকনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পার্ল-ওয়ানএ’ এবং ‘পার্ল-ওয়ানবি’ নামের এই কৃত্রিম উপগ্রহ দুটি ইতিমধ্যে তাদের নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করেছে। আগামী পাঁচ বছর এগুলো মহাকাশে অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক মিশন পরিচালনা করবে। 

মূলত উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশ বিজ্ঞানের আধুনিক ‘পেলোড’ প্রযুক্তি যাচাই করার লক্ষ্যেই এই স্যাটেলাইট দুটি তৈরি করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, কেবল ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ না থেকে ফক্সকন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ গবেষণার মতো উচ্চ প্রযুক্তির খাতে নিজেদের ছড়িয়ে দিচ্ছে। নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির এই চেষ্টা ভবিষ্যতে তাদের অন্যান্য ব্যবসায়িক সেবা, বিশেষ করে স্বয়ংক্রিয় যোগাযোগ প্রযুক্তিতে বড় পরিবর্তন আনতে পারে।

ডিবিটেক/বিএমটি  ।   সূত্র: রয়টার্স