সাইবার হামলায় ইরানে চার ব্যাংকের সেবা ব্যাহত
একটি সীমিত সাইবার হামলার শিকার হয়েছে ইরানের চারটি বড় বাণিজ্যিক ব্যাংক। এর ফলে ব্যাংকগুলোর অনলাইন সেবা সাময়িকভাবে ব্যাহত হলেও গ্রাহকদের কোনো তথ্য চুরি বা জালিয়াতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের ব্যাংক সমন্বয় পরিষদের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৪ জুন) ব্যাংকগুলোর একটি যৌথ যোগাযোগ অবকাঠামো বা অভ্যন্তরীণ নেটওয়ার্ক লক্ষ্য করে এই সাইবার হামলা চালানো হয়। হামলার শিকার ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারত, ব্যাংক সাদেরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান।
সমন্বয় পরিষদ জানিয়েছে, হামলার বিষয়টি টের পাওয়ার পরপরই ব্যাংকগুলোর কারিগরি দল সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে। উদ্ভূত পরিস্থিতিতে সাময়িকভাবে কিছু ব্যাংকিং সেবা ব্যাহত হয়।
তবে এই হামলায় গ্রাহকদের কোনো ব্যক্তিগত বা আর্থিক তথ্যে হ্যাকাররা অননুমোদিত প্রবেশ করতে পারেনি এবং কোনো তথ্য মুছে ফেলা হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করতে কারিগরি দল কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





