মুক্তির ১ দিনেই ১ কোটি ভিউ
মুক্তির মাত্র ১৮.৩৪ ঘণ্টার মধ্যেই নাটকটি ১ কোটি ভিউ অতিক্রম করেছে। একদিন পার হতেই নাটকটি পার করেছে ১১ মিলিয়ন ভিউ।
ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’তে প্রচারিত‘এটা আমাদেরই গল্প’ওয়েব সিরিজের ৫০তম পর্বে এমন দারুণ সাড়া পেয়েছেন অভিনয়শিল্পী ও নির্মাতা মোস্তফা কামাল রাজ। কোটি ভিউ পাওয়ায় প্রশংসায় ভাসছেন তিনিও।
এ সাফল্যে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে আরেক নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘ওয়াও! এটা দুর্দান্ত। বাংলা নাটক ইন্ডাস্ট্রির জন্য দারুণ খবর। শাবাশ! মোস্তফা কামাল রাজ!’
পোস্টে তিনি নাটকের অভিনয়শিল্পীদেরও ট্যাগ করে অভিনন্দন জানান। মন্তব্যের ঘরে এমন উৎসাহ ও প্রেরণার জন্য শিহাব শাহীনকে ধন্যবাদ জানিয়েছেন নির্মাতা রাজের পাশাপাশি অভিনয়শিল্পী খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ এবং দীপা খন্দকারসহ আরও অনেকে।
গত বছরের ৫ নভেম্বর থেকে প্রচার শুরুর পর থেকেই নির্মাতা মোস্তফা কামাল রাজ-এর নাটক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছে। পারিবারিক গল্পভিত্তিক এই নাটকের প্রতিটি পর্বই আগ্রহ নিয়ে দেখেছেন দর্শকেরা।
এদিকে আগামী ৮ মে বিকেল ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে আসবে এই নাটকের শেষ পর্বটি। দর্শকদের জন্য উপহার হিসেবে ৫২তম পর্বে শেষ হওয়া এই পর্বের দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট। সাধারণত এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫-২৮ মিনিট।
শেষ পর্ব ৯২ মিনিট করার বিষয়ে সিরিজটির রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “আমার স্বপ্নের একটি কাজ ছিল ‘এটা আমাদেরই গল্প’। দর্শকদের ভালোবাসায় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। শেষ পর্বটি বিশেষভাবে সাজানো হয়েছে, তাই এটি দীর্ঘ করা হয়েছে।”
ডিবিটেক/বিজেএস/ইকে



