মোবাইল আর্থিক সেবায় গ্রামীণফোন ও প্রাইম ব্যাংক ফিনটেকের কৌশলগত অংশীদারিত্ব
দেশজুড়ে অন্তর্ভুক্তিমূলক ও নির্বিঘ্ন আর্থিক সেবার প্রসারে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। জিপিহাউজে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং প্রাইম ব্যাংক ফিনটেকের সিইও শেখ আমিনুর রহমান এ লক্ষ্যেসম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন। এই সহযোগিতার ফলে গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম ও প্রাইম ব্যাংক ফিনটেকের আর্থিক প্ল্যাটফর্মের সমন্বয়ে মোবাইল আর্থিক সেবার পরিধি আরও ত্বরান্বিত হবে।
৩ মে, রবিববার এ নিয়ে এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, চুক্তির আওতায় গ্রামীণফোন গ্রাহকরা প্রাইম ব্যাংক ফিনটেকের এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে মোবাইল রিচার্জ করতে পারবেন। বিশেষ করে স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগবিহীন গ্রাহকরা ইউএসএসডি কোড ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট টেলিকম ও আর্থিক সেবা গ্রহণের সুযোগ পাবেন। এই উদ্যোগটি মূলত দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে আধুনিক ফিনটেক সেবা পৌঁছে দিতে এবং ডিজিটাল ও আর্থিক বৈষম্য হ্রাসে বিশেষ ভূমিকা রাখবে।
অংশীদারিত্ব প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “আমাদের লক্ষ্য হলো ডিজিটাল সেবাগুলোকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করা। প্রাইম ব্যাংক ফিনটেকের সাথে এই সমন্বয় আমাদের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে, যা বাংলাদেশের ক্রমবর্ধমান মোবাইল অর্থনীতিতে সহায়ক হবে।” অন্যদিকে, প্রাইম ব্যাংক ফিনটেকের সিইও শেখ আমিনুর রহমান জানান, কানেক্টিভিটি এবং ফিনটেক উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে একটি বিশাল গ্রাহকগোষ্ঠীর কাছে নিরাপদ ও আধুনিক আর্থিক সমাধান পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম ও চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ এবং প্রাইম ব্যাংক ফিনটেকের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ মাহবুব সোবহানসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফিনটেক ও টেলিকম খাতের এই মেলবন্ধন ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিবিটেক/বিসিআর/ইকে



