উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ
বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনক্লুসিভ কমার্স ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম ‘প্রিয়শপ’ উত্তরা (ঢাকা) ও মুন্সিগঞ্জে নতুন দুটি হাব উদ্বোধন করেছে। ২০২৫ সালে বছরজুড়ে ১৬৭ শতাংশ আয় বৃদ্ধির ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে এই সম্প্রসারণ কার্যক্রম সম্পন্ন করা হয়। বর্তমানে ১,৪২৮টি রুটে প্রায় ২ লাখ ক্ষুদ্র ও মাঝারি (MSME) দোকানিদের সেবা দিচ্ছে প্রিয়শপ। নতুন এই হাবগুলোর মাধ্যমে স্থানীয় মুদি দোকানিরা দ্রুত মালামাল সংগ্রহ, ব্যবসায়িক মুনাফা বৃদ্ধি এবং সরাসরি কর্মীদের কারিগরি সহায়তা পাবেন।
দেশজুড়ে এই নেটওয়ার্ক বিস্তার নিয়ে প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বলেন, “আমাদের সাপ্লাই চেইন সমাধানের চাহিদা দ্রুত বাড়ছে। এই হাবগুলো আমাদের নেটওয়ার্কের ওপর নির্ভরশীল ২ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা এবং ২৯৬টিরও বেশি ব্র্যান্ডকে আরও শক্তিশালীভাবে সেবা দেওয়ার সুযোগ তৈরি করছে।” ২০২১ সাল থেকে এফএমসিজি (FMCG) ও টেলিকমসহ বিভিন্ন খাতের ব্র্যান্ডগুলোর সাথে কাজ করে বাংলাদেশে অন্যতম বৃহৎ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছে প্রিয়শপ। নতুন এই দুটি হাব স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে।
প্রিয়শপের এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল্লাহ আল মাহমুদ জানান, ঐতিহাসিকভাবে ব্যবসা-সমৃদ্ধ মুন্সিগঞ্জ এবং ঘনবসতিপূর্ণ উত্তরা অঞ্চল ২০২৬ সালে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয়শপ কেবল পণ্য সরবরাহ নয়, বরং ডিজিটাল অ্যাপের মাধ্যমে ছোট দোকানদারদের জন্য সহজ লোন ও ডিজিটাল পেমেন্ট সুবিধা দিচ্ছে, যা তাদের মাসিক মুনাফা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। নেপালে ‘সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড’-এ চ্যাম্পিয়ন হওয়া প্রিয়শপ এখন বিশ্বদরবারেও নিজেদের ডিজিটাল সক্ষমতার স্বাক্ষর রাখছে।
দেশব্যাপী হাবের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রিয়শপ ছোট ব্যবসায়ীদের জন্য একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলছে, যেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহারে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরাও বড় ব্র্যান্ডের পণ্য ও আর্থিক সুবিধা সহজে গ্রহণ করতে পারছেন।
ডিবিটেক/এডি/ইকে



