এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ডিএমপির ৯ অ্যাপ ও সফটওয়্যার চালু

এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ডিএমপির ৯ অ্যাপ ও সফটওয়্যার চালু
২৯ এপ্রিল, ২০২৬ ১৪:৫৬  

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ নাগরিক সেবা ও অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়নে নয়টি নতুন অ্যাপ ও সফটওয়্যার চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

২৯ এপ্রিল, বুধবার,  দুপুরে রাজধানীর বেইলি রোডে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব অ্যাপ ও সফটওয়্যারের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চালু হওয়া সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে— এআই বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিএমপি ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, ডিএমপি এমপ্লয়ি পারফরম্যান্স ইভ্যালুয়েশন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ট্রাফিক সার্জেন্টরা সড়কে ট্রাফিক আইন ভঙ্গকারী চালকদের কাগজপত্র যাচাই করে মামলা, জরিমানা ও অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ করেন, যা সময়সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে জটিল পরিস্থিতি তৈরি করে। এছাড়া জনবল সীমাবদ্ধতার কারণে প্রচলিত পদ্ধতিতে কার্যকর নজরদারি কঠিন হয়ে পড়ে।

এ পরিস্থিতি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হবে। ঢাকার দুই সিটি করপোরেশন ও ডিএমপির যৌথ উদ্যোগে নগরের ২৫টি মোড়ে ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে, যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। এসব মোড়ে উন্নতমানের ক্যামেরা বসিয়ে ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এআই বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেমের মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম সম্পর্কে জানানো হয়, রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থানকারী দেশি-বিদেশি অতিথিদের তথ্য অনলাইনে সংগ্রহ ও সংরক্ষণ করা হবে। এতে সন্দেহভাজন ব্যক্তি বা অপরাধীদের গতিবিধি নজরদারি সহজ হবে এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য সংগ্রহে সহায়তা মিলবে। একই সঙ্গে হোটেল কর্তৃপক্ষের জবাবদিহিতাও বাড়বে।

‘হ্যালো ডিএমপি’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি ডিএমপির বিভিন্ন সেবা নিতে পারবেন এবং সেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। অ্যাপে পুলিশের বিভিন্ন অনলাইন সেবার তথ্য ও লিংকও থাকবে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে যোগাযোগ করে সমাধান নিশ্চিত করা হবে বলে জানানো হয়।

এছাড়া ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার এবং এমপ্লয়ি পারফরম্যান্স ইভ্যালুয়েশন সফটওয়্যার চালুর মাধ্যমে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত এবং কর্মদক্ষতা বাড়বে বলে আশা প্রকাশ করেছে ডিএমপি।

ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভের মাধ্যমে ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সংবাদও পাওয়া যাবে।

ডিবিটেক/বিএনসি/ইকে