ঢাকা মোটর শোতে ওমোদা জেইকোর নতুন ইভি উন্মোচন

ঢাকা মোটর শোতে ওমোদা জেইকোর নতুন ইভি উন্মোচন
২৫ এপ্রিল, ২০২৬ ১৩:৩০  

দেশের অটোমোবাইল বাজারে নতুন মাত্রা যোগ করতে ঢাকা মোটর শোতে বহুল প্রতীক্ষিত হাইব্রিড এসইউভি জেইকো জে৭ পিএইচইভি এসএইচএস (J7 PHEV SHS) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ওমোদা জেইকো। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৬) রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে গাড়িটির আধুনিক প্রযুক্তি ও উচ্চ দক্ষতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমোদা জেইকোর পরিচালক সাইদুর রহমান, এশিয়ান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন এবং ওমোদা জেইকোর নির্বাহী পরিচালক সাদিকুল মোস্তাক। এছাড়া অনুষ্ঠানে জনপ্রিয় অটোমোবাইল ইনফ্লুয়েন্সার হক রিয়াজ এবং কার অ্যান্ড কনভার্সনের অ্যাডমিন মুস্তাভিও উপস্থিত ছিলেন।

নতুন এই গাড়িতে ব্যবহার করা হয়েছে আধুনিক সুপার হাইব্রিড সিস্টেম (SHS) এবং ৫ম প্রজন্মের ১.৫ টিডিজিআই ইঞ্জিন। সম্মিলিতভাবে এটি ৩৪১ বিএইচপি শক্তি এবং ৫২৫ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। ফলে গাড়িটি সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে পারবে।

জেইকো জে৭ পিএইচইভির অন্যতম আকর্ষণ এর জ্বালানি সাশ্রয়ী সক্ষমতা। একবার পূর্ণ চার্জ ও ফুয়েলে গাড়িটি টানা ১,৩৫০ কিলোমিটারের বেশি পথ চলতে সক্ষম। শুধু বৈদ্যুতিক শক্তিতে এটি ১০০ কিলোমিটারের বেশি চলবে, যেখানে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ২ টাকা ২০ পয়সা।

গাড়িটিতে থাকা ১৮.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ডিসি ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ২০ মিনিটে ৩০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।

বাংলাদেশের রাস্তা ও আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে এতে রাখা হয়েছে ৬০০ মিলিমিটার ওয়াটার ওয়েডিং সুবিধা, যা বর্ষাকালে জলাবদ্ধ রাস্তায় চলাচলে সহায়ক হবে। নিরাপত্তার ক্ষেত্রেও গাড়িটি পেয়েছে ৫-স্টার ইউরো এনক্যাপ রেটিং। যাত্রী সুরক্ষায় রয়েছে ৮টি এয়ারব্যাগ এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)।

অত্যাধুনিক ফিচারের মধ্যে আরও রয়েছে ১৪.৮ ইঞ্চি টাচস্ক্রিন, ভেন্টিলেটেড সিট এবং ভেহিকল-টু-লোড (V2L) প্রযুক্তি, যার মাধ্যমে বাইরের ইলেকট্রনিক যন্ত্রপাতিও চালানো যাবে।

ডিবিটেক/এনএ/ইকে