ডিপসিকসহ চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

ডিপসিকসহ চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
২৫ এপ্রিল, ২০২৬ ২০:২৭  

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগারগুলো থেকে মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরির অভিযোগে চীনের জনপ্রিয় এআই স্টার্টআপ ‘ডিপসিক’সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। রয়টার্সের হাতে আসা এক গোপন কূটনৈতিক বার্তার বরাতে শনিবার এই তথ্য জানানো হয়েছে।

অভিযোগের মূল বিষয়: ‘এআই ডিস্টিলেশন’
যুক্তরাষ্ট্রের দাবি, ডিপসিক, মুনশট এআই এবং মিনিম্যাক্স-এর মতো চীনা প্রতিষ্ঠানগুলো ‘ডিস্টিলেশন’ পদ্ধতির মাধ্যমে মার্কিন প্রযুক্তি চুরি করছে। এই পদ্ধতিতে ওপেনএআই-এর মতো দামী এবং শক্তিশালী মার্কিন মডেলগুলোর আউটপুট ব্যবহার করে অত্যন্ত কম খরচে নিজস্ব শক্তিশালী এআই মডেল তৈরি করা হচ্ছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের বার্তায় সতর্ক করে বলেছে, এই প্রক্রিয়ায় তৈরি মডেলগুলো দেখতে মূল মডেলের মতো মনে হলেও এগুলোর পারফরম্যান্স পূর্ণাঙ্গ হয় না। সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো, এই পদ্ধতিতে তৈরি মডেলে কোনো নিরাপত্তা প্রোটোকল থাকে না এবং এগুলোকে সত্য সন্ধানী বা নিরপেক্ষ রাখার মেকানিজমগুলো সরিয়ে ফেলা হয়।

ওপেনএআই-এর পূর্ব সতর্কবার্তা
চলতি বছরের ফেব্রুয়ারিতে ওপেনএআই মার্কিন আইনপ্রণেতাদের সতর্ক করেছিল যে, ডিপসিক তাদের চ্যাটজিপিটি মডেলের নকল বা রেপ্লিকা তৈরির চেষ্টা করছে। তবে ডিপসিক এসব অভিযোগ অস্বীকার করে আগে জানিয়েছিল যে, তাদের মডেলগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত উন্মুক্ত তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং তারা ইচ্ছা করে ওপেনএআই-এর কোনো ডেটা ব্যবহার করেনি।

চীনের প্রতিক্রিয়া ও নতুন মডেল
ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে। তাদের মতে, এটি চীনের এআই শিল্পের অগ্রযাত্রাকে বাধা দেওয়ার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুক্রবার ডিপসিক তাদের নতুন এবং বহু প্রতীক্ষিত ‘ভি-৪’ মডেলের প্রিভিউ উন্মোচন করেছে। বিশেষ বিষয় হলো, এই মডেলটি চীনের নিজস্ব প্রযুক্তি হুয়াওয়ের চিপে চলার জন্য অপ্টিমাইজ করা হয়েছে, যা এআই খাতে চীনের স্বনির্ভরতার প্রমাণ দেয়।

উল্লেখ্য, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে। তার ঠিক আগেই এই বড় ধরনের অভিযোগ দুই পরাশক্তির মধ্যে চলমান প্রযুক্তি যুদ্ধকে আরও উসকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি  ।   সূত্র: রয়টার্স