মেটাকে টেক্কা দিতে চার স্টাইলে আসছে অ্যাপলের স্মার্ট গ্লাস

মেটাকে টেক্কা দিতে চার স্টাইলে আসছে অ্যাপলের স্মার্ট গ্লাস
১৩ এপ্রিল, ২০২৬ ০৯:৩৮  

মেটা ও রে-ব্যানের স্মার্ট চশমার একাধিপত্য কমাতে এবার আটঘাঁট বেঁধে মাঠে নামছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি বর্তমানে চারটি ভিন্ন স্টাইলের স্মার্ট চশমা পরীক্ষা করছে, যা মেটার দ্বিতীয় প্রজন্মের স্মার্ট চশমার সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসবে।

ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান জানান, অ্যাপলের এই প্রজেক্টটির অভ্যন্তরীণ কোড-নাম দেওয়া হয়েছে ‘এন৫০’। জানা গেছে, ব্যবহারকারীদের রুচি ও পছন্দের কথা মাথায় রেখে অ্যাপল চারটি আলাদা নকশায় চশমাটি তৈরির কাজ চালাচ্ছে। এর মধ্যে রয়েছে রে-ব্যান ওয়েফেয়ারারের মতো বড় আয়তাকার ফ্রেম, অ্যাপল সিইও টিম কুকের ব্যবহৃত চশমার মতো চিকন ফ্রেম, বড় গোলাকার নকশা এবং ছোট গোলাকার একটি সংস্করণ। কালো, ওশান ব্লু এবং হালকা বাদামী—এই তিন রঙে চশমাগুলো বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

মেটার স্মার্ট চশমার মতো অ্যাপলের এই ডিভাইসেও ছবি তোলা এবং ভিডিও করার সুবিধা থাকবে। তবে অ্যাপল বিশেষ গুরুত্ব দিচ্ছে তাদের নিজস্ব ‘ইকোসিস্টেম’-এর ওপর। 

আইফোনের সঙ্গে খুব সহজেই এটি সিঙ্ক বা সংযুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা চশমার মাধ্যমেই আইফোনের কল, নোটিফিকেশন, মিউজিক এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’ ব্যবহার করতে পারবেন। এমনকি লেন্সের চারপাশে বিশেষ আলোর ব্যবহার করে নকশায় ভিন্নতা আনতে পারে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের শেষ নাগাদ বা ২০২৭ সালের শুরুতে এই স্মার্ট চশমার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ধারণা করা হচ্ছে, আইওএস ২৭-এর উন্নত সিরি ফিচারের সঙ্গেই এটি বাজারে উন্মোচন করা হবে। 

বর্তমানে মেটা তাদের স্মার্ট চশমায় প্রেসক্রিপশন লেন্স এবং কাস্টম ফিটিংয়ের সুবিধা দিয়ে বাজার ধরে রাখলেও, অ্যাপলের এই নতুন উদ্যোগ পরিধানযোগ্য প্রযুক্তির বাজারে বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: এনগ্যাজেট