ক্লিকবেইট অ্যাকাউন্টের আয় কমাচ্ছে এক্স
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) তাদের প্ল্যাটফর্মে ক্লিকবেইট এবং সংবাদ সংগ্রাহক (অ্যাগ্রিগেটর) অ্যাকাউন্টগুলোর আয় কমানোর ঘোষণা দিয়েছে। মূলত যারা ভুয়া উত্তেজনা ছড়িয়ে বা অন্যের কনটেন্ট কপি করে টাইমলাইন দখল করে রাখে, তাদের লাগাম টানতেই এই উদ্যোগ নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
এক্সের প্রোডাক্ট হেড নিকিতা বিয়ার গত শনিবার জানান, প্ল্যাটফর্মের নীতিমালা অনুযায়ী বর্তমান পেমেন্ট সাইকেলে সব সংবাদ সংগ্রাহক অ্যাকাউন্টের আয় কমিয়ে ৬০ শতাংশ করা হয়েছে। আগামী সাইকেলে এটি আরও ২০ শতাংশ কমানো হবে। বিশেষ করে যারা প্রতিটি পোস্টেই ‘ব্রেকিং’ শব্দ ব্যবহার করে পাঠকদের বিভ্রান্ত করে, তাদের আয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
নিকিতা বিয়ার বলেন, “প্রতিদিন শত শত কপি করা পোস্ট এবং ক্লিকবেইট ব্যবহারের ফলে প্রকৃত কনটেন্ট ক্রিয়েটররা আড়ালে পড়ে যাচ্ছেন। এক্স কারও বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, তবে সিস্টেম নিয়ে কারসাজি বা ব্যবহারকারীদের বিভ্রান্ত করে কেউ আর আগের মতো অর্থ উপার্জন করতে পারবেন না।”
ইতোমধ্যেই অনেক বড় বড় অ্যাকাউন্ট তাদের আয় কমে যাওয়ার অভিযোগ করেছে। ১৬ লাখ অনুসারী থাকা ডোমিনিক ম্যাকগি (ডম লুক্রে) জানিয়েছেন, তার অ্যাকাউন্টটি ডি-মনিটাইজ করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে গত এক সপ্তাহে প্রায় ১০০ বার অপ্রাসঙ্গিকভাবে ‘ব্রেকিং’ শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে এক্স-এর মান ও এখান থেকে বিভিন্ন ওয়েবসাইটে ট্রাফিক পাঠানোর ক্ষমতা কমে যাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সেই সমালোচনা ঘোচাতে এবং মৌলিক কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতেই এক্স কর্তৃপক্ষ এই কঠোর পদক্ষেপ নিল।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ







