ইউএফটিবি কেন্দ্রে জিএসটি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইউএফটিবি কেন্দ্রে জিএসটি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
১০ এপ্রিল, ২০২৬ ১৩:৪৩  

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) কেন্দ্র ও উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১০ এপ্রিল, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ইউএফটিবি কেন্দ্র হিসেবে নির্বাচন করেন মোট ৪০৯৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ২৭৭৯ জন পরীক্ষায় অংশ নেন এবং ১৩১৬ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৬৭.৮৬ শতাংশ।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। এ সময় তার সঙ্গে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানরা।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, কোনো ধরনের ত্রুটি বা বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তিনি এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী শিক্ষার্থী, এলাকাবাসী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

ডিবিটেক/এমএআর/ইকে