ফিনল্যান্ডে বিলিয়ন ইউরোর দ্বিতীয় ডেটা সেন্টার তৈরি করছে টিকটক
চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ফিনল্যান্ডে তাদের দ্বিতীয় ডেটা সেন্টার তৈরি করতে ১ বিলিয়ন ইউরো (প্রায় ১.১৬ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে। বুধবার (৮ এপ্রিল) প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটা ইউরোপের মধ্যেই রাখতে চায় টিকটক।
২০২৫ সালের এপ্রিলে ফিনল্যান্ডে টিকটকের প্রথম ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশিত হয়। সেই সময় দেশটির রাজনীতিক ও গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করে।
ফিনল্যান্ডের তৎকালীন অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী উইলে রাইডম্যান প্রকল্পটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন। বর্তমানে কৌভোলা শহরে প্রথম ডেটা সেন্টারটি নির্মাণাধীন, যা ২০২৬ সালের শেষ নাগাদ চালু হবে।
দ্বিতীয় ডেটা সেন্টারটি লাহতি শহরে নির্মিত হবে, যার প্রাথমিক ধারণক্ষমতা ৫০ মেগাওয়াট এবং সম্প্রসারণের পর ১২৮ মেগাওয়াট সম্ভাবনা রয়েছে। এটি ২০২৭ সালের মধ্যে চালু হবে। এই বিনিয়োগ টিকটকের ১২ বিলিয়ন ইউরোর ‘ইউরোপিয়ান ডেটা সোভেরিনটি’ উদ্যোগের অংশ। বর্তমানে নরওয়ে, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের তিনটি ডেটা সেন্টারে টিকটকের ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য সংরক্ষিত আছে।
ফিনল্যান্ড ঠান্ডা আবহাওয়া, কম খরচের কার্বনমুক্ত বিদ্যুৎ এবং স্থিতিশীল ব্যবসাবান্ধব পরিবেশের কারণে ডেটা সেন্টারের জন্য আকর্ষণীয় গন্তব্য। গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও এখানে বিনিয়োগ করেছে। লাহতি শহরের মেয়র নিকো ক্যুনারাইনেন এক বিবৃতিতে এই বিনিয়োগকে ‘উল্লেখযোগ্য’ বলে অভিহিত করেছেন।
টিকটকের এই উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা আইন মেনে চলার কৌশলের অংশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। ইউরোপে নিজেদের অবস্থান শক্তিশালী করতেই এই বিনিয়োগ বলে মনে করছেন বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি । সূত্র : রয়টার্স







