আমেরিকার হুমকির জবাবে ‘স্টারগেট’ ডেটা সেন্টারে হামলার হুমকি ইরানের
ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত ‘স্টারগেট’ প্রকল্পের ডেটা সেন্টারে হামলার হুমকি দিয়েছে। শনিবার (৪ এপ্রিল) এক ভিডিও বার্তায় ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা চালায়, তাহলে ইরান যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রযুক্তি অবকাঠামোয় পাল্টা হামলা চালাবে।
ইরানের প্রচারিত ভিডিওতে বিশ্বের মানচিত্রের ওপর জুম করে সংযুক্ত আরব আমিরাতের ‘স্টারগেট’ ডেটা সেন্টার দেখানো হয় এবং বার্তায় লেখা হয়, “গুগল যতই লুকানোর চেষ্টা করুক না কেন, আমাদের দৃষ্টি থেকে কিছুই লুকানো থাকে না।”
‘স্টারগেট’ হলো ৫০০ বিলিয়ন ডলারের একটি যৌথ উদ্যোগ, যা ২০২৫ সালের জানুয়ারিতে ওপেনএআই, সফটব্যাংক ও ওরাকল ঘোষণা করেছিল। এআই ডেটা সেন্টার তৈরির এই প্রকল্পটি শুরুতে অর্থ ও শুল্কজনিত জটিলতায় ভুগলেও সম্প্রতি আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মঙ্গলবারের (৭ এপ্রিল) মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় ইরানের বিদ্যুৎ ও পানি শোধনাগারের মতো বেসামরিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই এই প্রণালী বন্ধ থাকায় বৈশ্বিক সাপ্লাই চেইন বিপর্যয়ের মুখে পড়েছে।
ইতিমধ্যে যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ডেটা সেন্টার হামলার শিকার হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র বাহরাইনে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) এবং দুবাইয়ে ওরাকলের ডেটা সেন্টারে আঘাত হেনেছে। গত সপ্তাহে ইরান এনভিডিয়া ও অ্যাপল-সহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে হামলার হুমকি দেয়।
উত্তপ্ত এই পরিস্থিতিতে আইটি বিশেষজ্ঞরা বলছেন, এআই ডেটা সেন্টারে হামলা শুধু আঞ্চলিক যুদ্ধ নয়, বিশ্বব্যাপী ডিজিটাল পরিষেবা ও তথ্যপ্রযুক্তি শিল্পে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।
ডিবিটেক/বিএমটি । সূত্র : টেকক্রাঞ্চ







