আবারও শীর্ষ আদালতে অ্যাপল ও এপিক গেমসের লড়াই
অ্যাপল ও এপিক গেমসের আইনি লড়াই আবারও শুরু হলো। অ্যাপল তাদের অ্যাপ স্টোরের বাইরে তৃতীয় পক্ষের পেমেন্ট সিস্টেম ব্যবহারে নির্ধারিত কমিশনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় চেয়েছে। ইতিমধ্যে তারা নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের আবেদন জানিয়েছে।
বিবাদের মূল কারণ
অ্যাপল বর্তমানে অ্যাপ স্টোরের বাইরে কেনাকাটায় ডেভেলপারদের কাছ থেকে ২৭ শতাংশ কমিশন নেয়। ২০২১ সালের একটি আদেশ অনুযায়ী অ্যাপলকে ডেভেলপারদের বিকল্প পেমেন্টের সুযোগ দিতে বলা হয়। কিন্তু এপিক গেমসের অভিযোগ, ২৭ শতাংশ কমিশন দেওয়ার মাধ্যমে অ্যাপল আদালতের রায় লঙ্ঘন করেছে এবং কার্যকরভাবে ডেভেলপারদের বিকল্প পেমেন্ট ব্যবহার করতে নিরুৎসাহিত করছে।
২০২৫ সালের ডিসেম্বরে আপিল আদালত অ্যাপলের এই ২৭ শতাংশ ফি কার্যকরভাবে আদালতের নির্দেশনার উদ্দেশ্য নস্যাৎ করে দিয়েছে বলে রায় দেয়। আদালতের এই রায়ের পূর্ণাঙ্গ পর্যালোচনার আবেদনও ইতিমধ্যে খারিজ হয়েছে। এখন অ্যাপল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।
উভয় পক্ষের বক্তব্য
অ্যাপলের যুক্তি: অ্যাপল তাদের দাখিলকৃত নথিতে বলেছে, বহিরাগত লেনদেনে কমিশন কমানো তাদের ব্যবসায়িক মডেলের জন্য ‘গুরুত্বপূর্ণ প্রভাব’ ফেলবে। তারা যুক্তি দেখিয়েছে, এই কমিশন অ্যাপ স্টোর, আইওএস এবং আইফোনে তাদের বিপুল বিনিয়োগের ‘ক্ষতিপূরণমূলক ব্যবস্থা’।
এপিক গেমসের প্রতিক্রিয়া: অ্যাপলের এই পদক্ষেপকে ‘আরেকটি বিলম্বের কৌশল’ বলে আখ্যা দিয়েছে এপিক গেমস। এপিকের মুখপাত্র নাটালি মুনোজ বলেছেন, আদালত বারবার অ্যাপলের এই পদ্ধতিকে ‘অবৈধ’ ঘোষণা করেছে। অ্যাপলের এই কৌশলের কারণেই মাত্র কয়েকটি বড় ডেভেলপার তাদের আইনি অধিকার প্রয়োগ করে বহিরাগত পেমেন্ট লিংক ব্যবহার করতে পারছে।
ভিন্ন পথে গুগল
অ্যাপল যেখানে লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে প্রতিদ্বন্দ্বী গুগল সম্প্রতি এপিক গেমসের সঙ্গে আইনি বিরোধ নিষ্পত্তি করেছে। গুগল তাদের প্লে স্টোরের কমিশন ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে এবং ডেভেলপারদের বিকল্প বিলিং ব্যবহারের পথ খুলে দিয়েছে । এই চুক্তির ফলে ফোর্টনাইট আবারও গুগল প্লে স্টোরে ফিরেছে ।
সুপ্রিম কোর্ট আপিলটি শুনতে রাজি হয় কি না, তা এখনই নিশ্চিত নয়। ২০২৪ সালে অনুরূপ একটি আপিল খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। এবারের আবেদনের ফলাফলের ওপর নির্ভর করবে অ্যাপল বহিরাগত পেমেন্টে কতটুকু কর্তৃত্ব ধরে রাখতে পারে।
ডিবিটেক/বিএমটি । সূত্র : এনগ্যাজেট



