স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা
২৫ মার্চ, ২০২৬ ১৮:১৪  

১৯৭১ সালের ২৬ মার্চ, বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। আজ দেশটির ৫৫তম বার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। তবে ৫৪ বছর আগের ২৫ মার্চের কালোরাতের মতোই এ দিনের সন্ধ্যাটাও কাঁদিয়েছে নেটিজেনদের। কেননা, ২৬ মার্চের প্রথম প্রহরেই নিশ্চিত হওয়া গেলে ‘আনন্দ ডুবেছে পদ্মার জলে’।

কেননা, ঈদের আনন্দ পালনের পর কর্মস্থলে ফেরার পথে সৌহার্দ্য পরিবহনের বাস পদ্মায় পড়ে নিথর হয়েছে তাজা প্রাণ। সোশ্যাল হ্যান্ডেল জুড়ে সেই ছবি, ভিডিও ও লাইভ; স্বজনের আহাজারি কাঁদাচ্ছিল নেটিজেনদের; তখন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিজেদের বিশেষ ডুডলে বাংলাদেশের পতাকা যুক্ত করে গুগল সার্চ ইঞ্জিন। বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে এই বিশেষ আয়োজন করেছে গুগল।

২৬ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে এটি দেখা যাচ্ছে। ডুডলের ওপর ট্যাপ করলে জানিয়ে দেয় ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে’। বিশেষ ডুডলটিতে সার্চ বক্সের ওপরে নীল আকাশের পটভূমিতে গুগলের লোগোর সঙ্গে আকাশে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

ডুডলে দেখা যাচ্ছে, নীল আকাশ আর সাদা মেঘের মধ্যে ইংরেজিতে নান্দনিকভাবে লেখা রয়েছে গুগল। সেই লোগোর সামনে পতপত করে উড়ছে বাংলাদেশের পতাকা। ব্যবহারকারীরা স্মার্টফোন বা কম্পিউটার থেকে গুগল সার্চ বক্সে প্রবেশ করলেই ডুডলটি দেখতে পাচ্ছেন। 

গুগলের সার্চ বক্সের ওপরে প্রদর্শিত ডুডলটির ওপর কারসর রাখলেই দেখা যাচ্ছে, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৬’ বার্তা। এরপর ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস–সম্পর্কিত সার্চ পেজে নিয়ে যাচ্ছে গুগল। বিশেষ ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে।

২০১৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ দিবস ও উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্মানে গুগল এই ধরনের ডুডল প্রকাশ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে।

ডিবিটেক/এনএ/ইকে