থ্রিডি প্রিন্টেড আইফোন আনবে অ্যাপল
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ভবিষ্যতে আইফোন ও অ্যাপল ওয়াচের ফ্রেম তৈরিতে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে। ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গুরম্যানের বরাতে এই তথ্য জানা গেছে। খবর এনগ্যাজেট।
অ্যাপল ইতিমধ্যেই অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩ এবং সিরিজ ১১-এর টাইটানিয়াম বডি তৈরিতে থ্রিডি প্রিন্টিং ব্যবহার করেছে, যেখানে ১০০ শতাংশ পুনর্ব্যবহৃত টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে। সম্প্রতি আইফোন এয়ারের টাইটানিয়াম ইউএসবি-সি পোর্ট তৈরিতেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা পাতলা, শক্তিশালী ও পরিবেশবান্ধব।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই প্রযুক্তি প্রয়োগ করা গেলে উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে কমবে। অ্যাপলের নতুন ম্যাকবুক নিও-তে অ্যালুমিনিয়ামের ব্যবহার ৫০ শতাংশ কমানোর মাধ্যমে খরচ সাশ্রয় করে ৫৯৯ ডলারে ল্যাপটপটি বাজারজাত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আইফোনের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা গেলে আইফোনের দাম কমানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া গুরম্যান জানিয়েছেন, অ্যাপল চলতি বছর আইম্যাক-এর জন্যও নতুন রঙের প্যালেট আনতে যাচ্ছে। ২০২১ সালে আইম্যাক-এর বর্তমান ডিজাইন চালুর পর এটি হবে প্রথম বড় রঙের পরিবর্তন। ২০২৪ সালে আইম্যাক-এর রঙগুলোর শেড সামান্য পরিবর্তন করা হলেও এবার সম্পূর্ণ নতুন রঙের সমাহার দেখা যেতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, আগামী ম্যাক স্টুডিও আপডেটের পরেই আইম্যাক-এর এই নতুন সংস্করণ বাজারে আসতে পারে।
ডিবিটেক/বিএমটি







