সুবিধাবঞ্চিতদের মাঝে রবির ইফতার বিতরণ

সুবিধাবঞ্চিতদের মাঝে রবির ইফতার বিতরণ
১ মার্চ, ২০২৬ ১৪:১১  

পবিত্র রমজান মাস উপলক্ষে ‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ ক্যাম্পেইনের আওতায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। প্রচলিত আবেগঘন বিজ্ঞাপনভিত্তিক প্রচারণা থেকে সরে এসে এবার বাস্তবভিত্তিক সামাজিক উদ্যোগে গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজধানীর কমলাপুর ও সদরঘাট এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় বলে ১ মার্চ, রবিবার জানানো হয়েছে। এ সময় রবির চিফ পিপল অফিসার শোয়েব বেগসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই উদ্যোগ বাস্তবায়নে মানবিক সংগঠন ভালো কাজের হোটেল–এর সঙ্গে যৌথভাবে কাজ করেছে রবি। ভালো কাজের বিনিময়ে অসহায় মানুষদের খাবার সরবরাহের জন্য পরিচিত এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ায় ইফতার বিতরণ কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা সম্ভব হয়েছে।


রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, প্রতি বছরের মতো এবারও রমজান উপলক্ষে একটি আবেগঘন বিজ্ঞাপন তৈরি করার পরিকল্পনা ছিল। তবে পরে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে সমাজের জন্য বাস্তবিক কিছু করার দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।


অন্যদিকে ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাকালীন সদস্য মো. সাকিব হাসান বলেন, মাত্র ১০ টাকা করে জমিয়ে তাদের এই উদ্যোগের শুরু। ছোট ছোট উদ্যোগ থেকেও সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব—রবির সহযোগিতায় সেই প্রচেষ্টা আরও বিস্তৃত হয়েছে।


‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ ক্যাম্পেইনের মূল বার্তা হলো—একটি ছোট উদ্যোগই অনেককে অনুপ্রাণিত করতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করতে পারে।

ডিবিটেক/আরএম/ইকে