২৫ জুন পর্যন্ত কারিগরি কর্মশালা, ২৬-২৭ জুন মূল সম্মেলন
ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু ফিনিক্স সামিট ২০২৬
বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ সিরিজের মধ্য দিয়ে ২৩ জুন, মঙ্গলবার শুরু হলো ‘ফিনিক্স সামিট ২০২৬’।
দেশের অন্যতম সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি), পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি’র আয়োজনে পাঁচ দিনব্যাপী এই সামিটে সরকারি নীতিনির্ধারক, প্রযুক্তি খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তি, শিক্ষাবিদ, সাইবার নিরাপত্তা পেশাজীবী, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সামিটের প্রথম ধাপে চলবে ২৫ জুন পর্যন্ত বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে বিশেষায়িত কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এসব সেশন।
আয়োজকরা জানিয়েছেন, কর্মশালাগুলোতে অংশগ্রহণকারীদের ব্যবহারিক সাইবার প্রতিরক্ষা, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
সামিটের অন্যতম আকর্ষণ ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)-এর সহযোগিতায় আয়োজিত ‘প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন’ কর্মশালা। অস্ট্রেলিয়ার এপনিকের সিনিয়র ইন্টারনেট সিকিউরিটি স্পেশালিস্ট আদলি ওয়াহিদ এই সেশন পরিচালনা করবেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিআইআই) প্রতিষ্ঠানের আমন্ত্রিত প্রতিনিধিরা অংশ নেবেন।
দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, “সাইবার সিকিউরিটি বর্তমানে একটি জাতীয় অগ্রাধিকার। এটি দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফিনিক্স সামিট ২০২৬ বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম শক্তিশালী করার জন্য একটি যৌথ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
তিনি আরও বলেন, পাঁচ দিনব্যাপী এই আয়োজনে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন।
কর্মশালা শেষে ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে সামিটের মূল সম্মেলন। সেখানে সাইবার ডিফেন্স, অফেনসিভ সিকিউরিটি, উদীয়মান প্রযুক্তি, টিম এক্সারসাইজ, ফেলোশিপ প্রোগ্রাম, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন থাকবে।
//ডিবিটেক/এমএন/ইকে//





