ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে ভাবনার মঞ্চে ১২তম ডিজিটাল সামিট 

এআই, ভোক্তা আচরণ ও ডিজিটাল কৌশলের ভবিষ্যৎ নিয়ে দিনব্যাপী আলোচনা

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১২তম ডিজিটাল সামিট। প্রযুক্তি, সৃজনশীলতা, তথ্যনির্ভর সিদ্ধান্ত এবং পরিবর্তিত ডিজিটাল বাস্তবতায় ব্র্যান্ড ও ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের বিশেষজ্ঞরা।

এআই, ভোক্তা আচরণ ও ডিজিটাল কৌশলের ভবিষ্যৎ নিয়ে দিনব্যাপী আলোচনা
২০ জুন, ২০২৬ ১৬:৪৮  

রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় ২০ জুন, শনিবার বসেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজন ১২তম ডিজিটাল সামিট। “রিথিংকিং ডিজিটাল – স্ট্র্যাটেজি, স্টোরি অ্যান্ড সায়েন্স” প্রতিপাদ্যে আয়োজিত এবারের সামিটে আলোচনার কেন্দ্রে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবর্তিত ভোক্তা প্রত্যাশা, প্ল্যাটফর্মভিত্তিক পরিবর্তন এবং প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়।

দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় ৩টি কিনোট সেশন, ৩টি প্যানেল আলোচনা, ৩টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি উপস্থাপন এবং একটি বিশেষ এক্সপার্ট ডিপ ডাইভ।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, ডিজিটাল এখন আর কেবল একটি চ্যানেল নয়; বরং এটি প্রতিষ্ঠানগুলোর আস্থা, প্রাসঙ্গিকতা ও প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে কৌশল, সৃজনশীলতা ও তথ্যনির্ভর সিদ্ধান্তকে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে।

সামিটের তিনটি বিশেষ কিনোট সেশন পরিচালনা করেন কাজী মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর ফারুক, এক্স–ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক দ্রাবির আলম এবং টিকটকের ইমার্জিং মার্কেট পার্টনারশিপ বিভাগের হেড সালেহ ঘানায়েম।

সেশনগুলোতে মানবকেন্দ্রিক প্রবৃদ্ধি, সোশ্যাল-ফার্স্ট মার্কেটিং, ডিজিটাল বিজ্ঞাপনের পরিবর্তন, ক্রিয়েটর ইকোনমি, ব্যবসায় এআই-এর ব্যবহার, পরিবর্তিত ভোক্তা আচরণ এবং ব্র্যান্ড সম্পৃক্ততার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

প্যানেল ও ইনসাইট সেশনে অংশ নেন গুগল বাংলাদেশ ও শ্রীলঙ্কার পার্টনার ডিরেক্টর আহসানুর রহমান, অ্যাক্সেনটেক পিএলসির মুনাফ মোজিব চৌধুরী, ইগনিশিয়া থ্রি সিক্সটির সৈয়দা উম্মে সালমা ঝুমুর, গিকি সোশ্যালের মাহাদী হাসান সাগর, এফসিবি বিটোপির ইমতিয়াজ খান ইমরান, ফাস্টকম এআই-এর ইয়াসিন নুর এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক রফিউদ্দিন আহমেদসহ আরও অনেকে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবেশনায় এবং ওয়ালটন রেফ্রিজারেটরের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে অংশ নেন বিজ্ঞাপন, বিপণন, প্রযুক্তি, যোগাযোগ ও ব্যবসা খাতের শীর্ষস্থানীয় পেশাজীবীরা।

২০১৪ সালে যাত্রা শুরু করা ডিজিটাল সামিট বর্তমানে দেশের ডিজিটাল মার্কেটিং ও ব্যবসায়িক কৌশল বিষয়ক অন্যতম প্রভাবশালী জ্ঞান-বিনিময় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

//ডিবিটেক/এজেডসি/ইকে//