বাংলাদেশে এলো আসুস আরওজি’র ৪৯ ইঞ্চি সুপার আল্ট্রাওয়াইড মনিটর
বাংলাদেশের প্রিমিয়াম গেমিং ও প্রফেশনাল মনিটর বাজারে নতুন সংযোজন হিসেবে উন্মোচিত হয়েছে আসুস–এর আরওজি সিরিজের ৪৯ ইঞ্চির সুপার আল্ট্রাওয়াইড মডেল ROG Swift OLED PG49WCD। কিউডি-ওলেড প্রযুক্তি সমৃদ্ধ এই মনিটরটি গেমার, কনটেন্ট ক্রিয়েটর ও কর্পোরেট ব্যবহারকারীদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে।
ডিলার, কর্পোরেট ক্লায়েন্ট ও প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য মনিটরটি পুঁজিবাজারে তালিকাভূক্ত গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল চ্যানেলে পাওয়া যাচ্ছে।
মনিটরটির পরিবেশক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩২:৯ অনুপাতের ডুয়াল কিউএইচডি (৫১২০×১৪৪০) রেজোলিউশন সমৃদ্ধ ডিসপ্লেটি কার্যত দুটি ২৭ ইঞ্চি মনিটরের সমান কাজের সুযোগ দেয়। ১৮০০R কার্ভড ডিজাইন দীর্ঘ সময় ব্যবহারে চোখের আরাম নিশ্চিত করে। গেমিং পারফরম্যান্সে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ০.০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, অ্যাডাপটিভ-সিঙ্ক ও গেমফাস্ট ইনপুট প্রযুক্তি। ফ্রিল্যান্সার, ইউটিউবার, ই-স্পোর্টস গেমার এবং কর্পোরেট টেক টিমগুলোর চাহিদা মেটাতে মনিরটি পূর্ণাঙ্গ ওয়ার্কস্টেশন হাব হিসেবেও কাজ করতে পারে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠানটি।
বলা হয়েছে, মনিটরটিতে ৯৯% DCI-P3 কালার গ্যামট, ট্রু ১০-বিট কালার ও ডেল্টা ই<২ কালার একিউরেসি থাকায় এটি স্টুডিও-গ্রেড আউটপুট দিতে সক্ষম। HDR মোডে সর্বোচ্চ ১০০০ নিটস উজ্জ্বলতা সমর্থিত কনটেন্টে প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। কাস্টম হিটসিংক ও উন্নত এয়ারফ্লো ডিজাইন দীর্ঘমেয়াদি ব্যবহারে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে বলেও দাবি করা হয়েছে।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম







