এআই ল্যাপটপে ঝড় তুলতে ‘অলওয়েজ ইনক্রেডিবল’ ইভেন্টে চার মডেলের নতুন লাইনআপ উন্মোচন

এআই ল্যাপটপে ঝড় তুলতে ‘অলওয়েজ ইনক্রেডিবল’ ইভেন্টে চার মডেলের নতুন লাইনআপ উন্মোচন
২৩ এপ্রিল, ২০২৬ ১০:০২  

বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের জন্য নতুন এআই-চালিত ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে বৈশ্বিক টেকব্র্যান্ড আসুস। বাংলাদেশের গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী অংশীদারদের সামনে উন্মোচন করা হলো আধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের সমন্বয়ে বাজারে আনা জেনবুক ডুও, জেনবুক এস ১৬, জেনবুক ১৪ এবং ভিভোবুক ১৬। পুরো আয়োজনজুড়ে নতুন ডিভাইসগুলোর ডিজাইন, পারফরম্যান্স এবং এআই সক্ষমতা তুলে ধরা হয়।

‘অলওয়েজ ইনক্রেডিবল’ অনুষ্ঠানে ২২ এপ্রিল, বুধবার রাতে একসঙ্গে চারটি নতুন ল্যাপটপ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। স্থানীয় পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের হাত ধরে চার মডেলের ল্যাপটপর নিয়ে নতুন এই লাইনআপটি উন্মোচন করেন আসুসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কনজিউমার বিজনেসের জেনারেল ম্যানেজার পিটার চ্যাং। 

এসময় তার সঙ্গে ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার এবং আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোঃ আল ফুয়াদ।  

অনুষ্ঠানে আসুসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কনজিউমার বিজনেসের জেনারেল ম্যানেজার পিটার চ্যাং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কাজ ও সৃজনশীলতার ধরণ বদলে দিচ্ছে, আর নতুন এই লাইনআপ সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি সহজলভ্য করতেই এ উদ্যোগ।

নতুন লাইনআপের মধ্যে জেনবুক ডুও (২০২৬) বিশেষভাবে নজর কাড়ে এর ডুয়াল-স্ক্রিন ডিজাইনের জন্য, যা একই সঙ্গে একাধিক কাজ করার অভিজ্ঞতাকে আরও সহজ করে। দুটি উচ্চ রেজল্যুশনের ওএলইডি ডিসপ্লে, ডিটাচেবল কিবোর্ড এবং উন্নত কুলিং সিস্টেমের সমন্বয়ে এটি কনটেন্ট ক্রিয়েটর ও পেশাজীবীদের জন্য উপযোগী। অন্যদিকে জেনবুক এস ১৬ বড় স্ক্রিনপ্রেমীদের জন্য তৈরি, যেখানে রয়েছে ১৬ ইঞ্চির ওএলইডিডিসপ্লে, শক্তিশালী এএমডি রাইজেন এআই প্রসেসর এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি।

জেনবুক ১৪ মডেলটি হালকা ও বহনযোগ্য ডিজাইনের পাশাপাশি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং এআই-সহায়ক পারফরম্যান্সের জন্য আলাদা গুরুত্ব পাচ্ছে। আর ভিভোবুক ১৬ (২০২৬) তৈরি করা হয়েছে মূলত শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য, যেখানে সাশ্রয়ী দামে বড় ডিসপ্লে, এআই ফিচার এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশে নতুন এই ল্যাপটপগুলো অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে, যার মূল্য শুরু হচ্ছে প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ প্রায় ৪ লাখ ৮২ হাজার ৯৯০ টাকা পর্যন্ত। নতুন এআই সক্ষমতাসম্পন্ন এই ডিভাইসগুলো দেশের ল্যাপটপ বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিবিটেক/আইএইচ/এসএ