প্রতিমন্ত্রী ফারজানার আবেগঘন পোস্ট
প্রথম দিন সচিবালয়ে অফিস করে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
তিনি লিখেছেন, ‘আজ মন্ত্রণালয়ে প্রথম দিন। দীর্ঘ ৩৩ বছর আগে যে অফিসে বসে আব্বু দেশের জন্য কাজ করেছিলেন, আজ আমি সেই একই অফিসে বসে দেশের জন্য কাজ করতে যাচ্ছি।’
ফেসবুকে তিনি আরও লিখেছেন, ‘দিন-রাতে এমন কোনো মুহূর্ত নেই যখন আমার বাবা আমার সঙ্গে থাকেন না। আজ অফিসে বসে পাশের বোর্ডের ৬ নম্বর তালিকায় আব্বুর নামের দিকে যতবার চোখ পড়েছে, মনে হয়েছে আব্বু আমাকে বলছেন, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম।’
স্ট্যটাসের সঙ্গে মন্ত্রীদের তালিকার বোর্ডের পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবিও জুড়ে দিয়েছেন বিএনপি’র সাবেক প্রতিমন্ত্রী, প্রয়াত ফজলুর রহমান পটলের এই মেয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হন তিনি। একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদে বাবার রাজনৈতিক উত্তরাধিকার হিসেব স্থান পাওয়া সাতজন প্রতিমন্ত্রীর মধ্যে ফারজানা শারমিনও একজন।
প্রসঙ্গত, ফজলুর রহমান পটল ১৯৯১ সালে বিএনপি সরকারের শাসনামলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১৯৯৩ সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হন। ২০০১ সালে চার দলীয় জোট সরকারের সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে চারবার এমপি হওয়া পটল দলের চেয়ারপারসনের উপদেষ্টা থাকা অবস্থায় ২০১৬ সালের ১১ আগস্ট মারা যান।
ডিবিটেক/এফবিপি/ইকে







