ভোটকেন্দ্রের মহড়ায় ডিজিটাল সুরক্ষা প্রদর্শন
ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনে বডি ওর্ণ ক্যামেরা, সিসিটিভি, ড্রোন ও 'নির্বাচন সুরক্ষা অ্যাপ ২০২৬’ এর ব্যবহার দেখালো জেলা নির্বাচন কমিশন। ভোটের মহড়ায় একটি ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সহ ভোটদান প্রক্রিয়ার সবগুলো ধাপ প্রদর্শন করা হয়।
৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেলে ইলেক্টোরাল ম্যানেজমেন্ট এক্সারসাইজ শীর্ষক জাতীয় নির্বাচনের এই ভোটের মহড়া পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, এবারের নির্বাচন পরিচালনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে। নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সততা, দক্ষতা ও আন্তরিকতা এবং সর্বোপরি তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শৃঙ্খলা বজায় রাখতে ও শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বেশিরভাগ নেতা ও কর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে। দেশে তাদের গুটিকয়েক সমর্থক আছে। তিনি বলেন, বিদেশে বসে এ ধরনের প্রচারণায় জনগণের সায় মিলবে না। সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের হাতে ধরা দিক। উপদেষ্টা এসব নেতিবাচক প্রচারণায় কান না দিয়ে স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতা ও অংশগ্রহণে এবারের নির্বাচনটি হবে সবচেয়ে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর। কেননা, জনগণ বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএম সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এফএইচ/ইকে



