শীর্ষ সঙ্গীত প্রকাশকদের বিরুদ্ধে মাস্কের এক্সের মামলা

শীর্ষ সঙ্গীত প্রকাশকদের বিরুদ্ধে মাস্কের এক্সের মামলা
১০ জানুয়ারি, ২০২৬ ১৭:০০  

সঙ্গীত লাইসেন্সিং নিয়ে কথিত যোগসাজশের অভিযোগে যুক্তরাষ্ট্রের ১৮টি বড় সঙ্গীত প্রকাশক ও একটি শিল্প সংগঠনের বিরুদ্ধে মামলা করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি ফেডারেল আদালতে করা এই মামলায় এক্স করপোরেশন দাবি করেছে, প্রকাশকরা প্রতিযোগিতা বাধাগ্রস্ত করতে ইচ্ছাকৃতভাবে এক্সকে আলাদা চুক্তিতে যেতে না দিয়ে অতিরিক্ত দামে লাইসেন্স নিতে বাধ্য করার চেষ্টা করছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছে ন্যাশনাল মিউজিক পাবলিশার্স অ্যাসোসিয়েশন, সনি মিউজিক, ইউনিভার্সাল মিউজিক ও ওয়ার্নার চ্যাপেলসহ শীর্ষ প্রকাশকরা। 

এক্সের অভিযোগ, যুক্তরাষ্ট্রে কপিরাইটযুক্ত সংগীতের ৯০ শতাংশের বেশি প্রতিনিধিত্বকারী এসব প্রতিষ্ঠান সমন্বিতভাবে লাইসেন্স আলোচনায় বসতে অস্বীকৃতি জানাচ্ছে, যা প্রতিযোগিতা আইন লঙ্ঘনের শামিল।

এক্সের দাবি, প্রকাশকরা নিয়মিত কপিরাইট নোটিশ দিয়ে হাজারো পোস্ট অপসারণে বাধ্য করছে, ফলে ব্যবহারকারী ও বিজ্ঞাপন আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

অন্যদিকে সংগীত প্রকাশকদের সংগঠনের প্রধান ডেভিড ইসরালাইট বলেন, এক্স দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া গান ব্যবহার করছে এবং এই মামলা দায় এড়ানোর কৌশল মাত্র। আদালতে এক্স ক্ষতিপূরণ ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ ফেরানোর আবেদন জানিয়েছে।

ডিবিটেক/বিএমটি