চতুর্থ প্রান্তিকে টিএসএমসির রাজস্ব বেড়েছে ২০ শতাংশ
বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসএমসি (তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি) ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে রাজস্বে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব বেড়েছে ২০ দশমিক ৪৫ শতাংশ, যা বাজারের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির প্রতি বাড়তে থাকা চাহিদাই এই প্রবৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রয়টার্সের হিসাব অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর সময়কালে টিএসএমসির মোট রাজস্ব দাঁড়িয়েছে ১ দশমিক ০৪৬ ট্রিলিয়ন তাইওয়ান ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৬৮ দশমিক ৪৬ বিলিয়ন তাইওয়ান ডলার। বিশ্লেষকদের গড় পূর্বাভাস ছিল ১ দশমিক ০৩৬ ট্রিলিয়ন তাইওয়ান ডলার।
এনভিডিয়া ও অ্যাপলের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান টিএসএমসির গ্রাহক। এআই চিপের চাহিদা বাড়ায় ভোক্তা ইলেকট্রনিকস খাতে মন্দার প্রভাবও অনেকটাই সামাল দিতে পেরেছে প্রতিষ্ঠানটি।
আগামী ১৫ জানুয়ারি পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে টিএসএমসি। তখন চলতি বছর ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।
ডিবিটেক/বিএমটি







