শর্ট ভিডিও ফিচার আনছে ডিজনি প্লাস

শর্ট ভিডিও ফিচার আনছে ডিজনি প্লাস
১০ জানুয়ারি, ২০২৬ ২০:০০  

টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের জনপ্রিয়তার ধারাবাহিকতায় চলতি বছর যুক্তরাষ্ট্রে ডিজনি প্লাসে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও চালু করতে যাচ্ছে ডিজনি। লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০২৬–এ টেক + ডেটা শোকেস ইভেন্টে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। দৈনিক ব্যবহার ও সম্পৃক্ততা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিজনি। খবর টেকক্রাঞ্চ।

ডিজনির এক ব্লগ পোস্টে বলা হয়, নতুন এই অভিজ্ঞতা ধাপে ধাপে উন্নত হবে এবং সংবাদ ও বিনোদনভিত্তিক কনটেন্ট যুক্ত করে ব্যবহারকারীদের জন্য আরও ব্যক্তিগত ও গতিশীল পরিবেশ তৈরি করবে। এতে ডিজনি প্লাসকে প্রতিদিন ভিজিট করার মতো একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য রয়েছে।

ডিজনি জানিয়েছে, এসব স্বল্পদৈর্ঘ্যের ভিডিওতে থাকতে পারে একেবারে নতুন কনটেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত ভিডিওর পুনঃব্যবহার, টিভি শো বা চলচ্চিত্রের দৃশ্য কিংবা এসবের সমন্বয়। 

ডিজনি এন্টারটেইনমেন্ট ও ইএসপিএনের পণ্য ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ নির্বাহী এরিন টিগ বলেন, ব্যবহারকারীদের স্বাভাবিক আচরণের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভার্টিক্যাল ভিডিও যুক্ত করা হবে।

এর আগে গত বছর ইএসপিএন অ্যাপে ভার্টিক্যাল ভিডিও ফিড চালু করেছিল ডিজনি। নতুন এই ফিচারের মাধ্যমে মূলত মোবাইলে স্বল্প সময়ের ভিডিও দেখতে অভ্যস্ত তরুণ ব্যবহারকারীদের আকৃষ্ট করতে চায় ডিজনি প্লাস। 

উল্লেখ্য, নেটফ্লিক্সও গত বছর একই ধরনের ভার্টিক্যাল ভিডিও ফিড চালু করেছে।

ডিবিটেক/বিএমটি