স্ন্যাপড্রাগন চিপসহ কমদামি ল্যাপটপ আনছে এইচপি

স্ন্যাপড্রাগন চিপসহ কমদামি ল্যাপটপ আনছে এইচপি
১৯ মে, ২০২৫ ১৯:০৫  
১৯ মে, ২০২৫ ১৩:০৫  

এইচপি তাদের ওম্নিবুক ৫ সিরিজে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স ও এক্স প্লাস চিপ যুক্ত করে নতুন কমদামি ল্যাপটপ উন্মোচন করেছে। কম্পিউটেক্স ২০২৫-এ ঘোষিত এই ল্যাপটপগুলো উন্নত কর্মক্ষমতা ও শক্তি সাশ্রয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। ১৪ ইঞ্চির ওম্নিবুক ৫ এর মূল্য শুরু হচ্ছে ৭৯৯ ডলার থেকে, আর ১৬ ইঞ্চির সংস্করণের দাম শুরু হবে ৮৪৯ ডলার থেকে। খবর এনগ্যাজেট।

এর আগে স্ন্যাপড্রাগনের সুবিধা পেতে হলে ব্যবহারকারীদের ১,০০০ ডলারের বেশি দামের ওম্নিবুক এক্স সিরিজ নিতে হতো। এখন কম খরচেই এআরএম প্রসেসরের সুবিধা পাওয়া যাবে, যার মধ্যে থাকবে কোপাইলট+ এর এআই ফিচার যেমন রিকল, ক্লিক টু ডু ও উন্নত উইন্ডোজ সার্চ।

ল্যাপটপটিতে রয়েছে ২কে ওএলইডি ডিসপ্লে, ৩৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ এবং ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ দেওয়ার সুবিধা। একসাথে একটি ৫কে বা দুটি ৪কে ডিসপ্লে সংযুক্ত করা যাবে। ভার্চুয়াল মিটিংয়ের জন্য আছে ১০৮০পি আইআর ক্যামেরা ও অডিও বুস্ট ২.০ প্রযুক্তিসহ উন্নত শব্দ ও শব্দ বিচ্ছিন্নকরণ সুবিধা।

১৪ ইঞ্চির সংস্করণ জুনে অ্যামাজন ও মাইক্রোসফটে এবং জুলাইয়ে এইচপির নিজস্ব ওয়েবসাইট, বেস্ট বাই ও কস্টকোতে পাওয়া যাবে। ১৬ ইঞ্চির সংস্করণ জুলাইয়ে বাজারে আসবে।

ডিবিটেক/বিএমটি