সিইএসে ইন্টেলের পরবর্তী প্রজন্মের পিসি চিপ উন্মোচন
লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে ইন্টেল তাদের নতুন প্রজন্মের ল্যাপটপ প্রসেসর ‘প্যান্থার লেক’ উন্মোচন করেছে। এই চিপে ইন্টেলের নিজস্ব ১৮এ উৎপাদন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। খবর রয়টার্স।
ইন্টেলের পিসি গ্রুপের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জিম জনসন জানান, নতুন ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ৩ চিপে আধুনিক ট্রানজিস্টর নকশা ও শক্তি সরবরাহের নতুন পদ্ধতি যুক্ত করা হয়েছে। আগের প্রজন্মের লুনার লেক চিপের তুলনায় এতে প্রায় ৬০ শতাংশ বেশি পারফরম্যান্স পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে।
ইন্টেল আশা করছে, এই চিপের মাধ্যমে তারা এএমডির কাছ থেকে হারানো বাজারের অংশ পুনরুদ্ধার করতে পারবে। পাশাপাশি, প্যান্থার লেক ভিত্তিক হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের প্ল্যাটফর্মও চলতি বছরেই আনার পরিকল্পনা রয়েছে।
সিইএসে একই সময়ে এএমডি ও এনভিডিয়াও নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা-কেন্দ্রিক চিপের ঘোষণা দিয়েছে, ফলে পিসি চিপ বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।
ডিবিটেক/বিএমটি



