আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
৫ জানুয়ারি, ২০২৬ ১৩:৩১  
৫ জানুয়ারি, ২০২৬ ১৪:৩৯  

বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  বাংলাদেশে আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

৫ জানুয়ারি, সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলা বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে চিঠিতে অনলাইন বা ওটিটি’র নাম উল্লেখ না করা হলেও সূত্রমতে, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের সকল বেসরকারি স্পোর্টস চ্যানেল এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে আইপিএল সম্প্রচার থেকে বিরত থাকতে হবে। 

নির্দেশনায় বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুধু খেলা নয়, আইপিএল সংক্রান্ত সব অনুষ্ঠানও বন্ধ রাখতে হবে।

তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ ফিরোজ খান স্বাক্ষরিত  চিঠিতে বলা হয়, “এমতাবস্থায় পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।”

“যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।”

এদিকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা ঘিরে এমন পরিস্থিতিকে ভারতের জন্য লজ্জা উল্লেখ করে ভারতীয় কংগ্রেসের নেতা শশী থারুর এক এক্স পোস্টে  লিখেছেন, “এতে আশ্চর্যের কিছু নেই। এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি।” 

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘অপ্রয়োজনীয় ও অযৌক্তিক’ আখ্যায়িত করে তিনি ইনডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “বাংলাদেশ পাকিস্তান নয়। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী পাঠাচ্ছে না। পরিস্থিতি মোটেও তুলনাযোগ্য নয়। তাছাড়া, এই দুই দেশের সঙ্গে আমাদের সম্পর্কও ভিন্ন। বাংলাদেশের সঙ্গে আমাদের আলোচনা বা কূটনৈতিক সম্পর্কের যে পর্যায়, তা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের পর্যায় থেকে আলাদা। এই দুই দেশকে এক সরল সমীকরণে ফেলা যায় না।”

প্রসঙ্গত, এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তাকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় দেশের ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।  এরই পরিপ্রেক্ষিতে আইপিএল সম্প্রচার বন্ধে ঐতিহাসিক এ সিন্ধান্ত নিলো অন্তর্বর্তীকালীন সরকার। 

ডিবিটেক/বিডিজে/ইকে