কালুখালীতে নারীসহ আটক এক, গ্রেফতারে অভিযান

ফেসবুক স্ট্যাটাসের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

  • ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরোধে কৃষক নিহত
  • হামলায় স্ত্রী ও মেয়েও গুরুতর আহত হয়েছেন
  • সন্দেহভাজন এক নারী আটক, অন্যদের গ্রেফতারে অভিযান

ফেসবুক স্ট্যাটাসের জেরে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৬  

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক প্রবীণ কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েও গুরুতর আহত হয়েছেন।

২৫ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহতের বড় মেয়ে তাহমিনা আক্তারের ভাষ্য, তার ছোট বোনের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদারের পরিবারের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়।

তাহমিনা আক্তারের অভিযোগ, ওই বিরোধের জেরে শুক্রবার সকালে ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগম দলবদ্ধ হয়ে তাদের পরিবারের ওপর হামলা করেন।

তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ইট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে নজরুল ইসলাম খান ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান। এ সময় বাধা দিতে গেলে তার স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনাও গুরুতর আহত হন।

ঘটনার পর পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি লাঠি জব্দ করে।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাপী বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

//ডিবিটেক/ এসএমই/এমআইএস/বিপিএম//