কাপড় ভাঁজ করবে এলজির রোবট

কাপড় ভাঁজ করবে এলজির রোবট
৫ জানুয়ারি, ২০২৬ ১৩:৪৮  

গৃহস্থালি কাজকে আরও স্বয়ংক্রিয় ও সহজ করতে সিইএস ২০২৬ প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা–চালিত মানবাকৃতির রোবট ‘ক্লয়েড’ উন্মোচন করেছে এলজি। প্রতিষ্ঠানটির দাবি, এই রোবট লন্ড্রি ভাঁজ করা, ডিশওয়াশার খালি করা, খাবার পরিবেশনসহ দৈনন্দিন নানা কাজে সহায়তা করতে সক্ষম। খবর এনগ্যাজেট।

খবরে বলা হয়, ক্লয়েড রোবটটির মাথার অংশে একটি ডিসপ্লে, স্পিকার, ক্যামেরা ও বিভিন্ন সেন্সর রয়েছে। এসবের মাধ্যমে এটি মানুষের সঙ্গে কথোপকথন করতে পারে, মুখভঙ্গির মতো অভিব্যক্তি দেখাতে পারে এবং ব্যবহারকারীর বাসস্থানের পরিবেশ ও অভ্যাস শিখে নিতে পারে। একই সঙ্গে শেখা তথ্যের ভিত্তিতে এটি সংযুক্ত স্মার্ট গৃহস্থালি যন্ত্রপাতিও নিয়ন্ত্রণ করতে পারে।

রোবটটির দুটি যান্ত্রিক বাহু রয়েছে, যেখানে কাঁধ, কনুই ও কবজির সংযোগসহ আঙুলযুক্ত হাত ব্যবহার করা হয়েছে। চাকার ওপর চলাচলকারী এই রোবট হাঁটুর সমান উচ্চতা বা তার ওপরে থাকা বস্তু ধরতে পারে, তবে মেঝে থেকে কিছু তুলতে পারবে না।

এলজি জানিয়েছে, প্রদর্শনীতে ক্লয়েডকে কাপড় ধোয়ার প্রক্রিয়া শুরু করা, ধোয়া কাপড় ভাঁজ করা এবং রান্নাঘর–সংক্রান্ত কাজে ব্যস্ত অবস্থায় দেখানো হবে। তবে আপাতত এটি বিক্রয়যোগ্য পণ্য নয়; বরং ভবিষ্যতের কার্যকর গৃহস্থালি রোবট উন্নয়নের একটি ধারণামাত্র।

ডিবিটেক/বিএমটি