২০২৫ : ১৬ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন শীর্ষ উদ্যোক্তারা

২০২৫ : ১৬ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন শীর্ষ উদ্যোক্তারা
৫ জানুয়ারি, ২০২৬ ১৭:০০  

২০২৫ সালে প্রযুক্তি খাতের শেয়ারমূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তারা বিপুল অঙ্কের শেয়ার বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করেছেন। ব্লুমবার্গের ইনসাইডার লেনদেন বিশ্লেষণ অনুযায়ী, বছরজুড়ে মোট ১৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যমানের শেয়ার বিক্রি হয়েছে। খবর টেকক্রাঞ্চ।

খবরে বলা হয়, সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যিনি জুন ও জুলাই মাসে ২৫ মিলিয়ন শেয়ার বিক্রি করে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার অর্জন করেন। তার পরেই রয়েছেন ওরাকলের সাবেক প্রধান নির্বাহী সাফরা ক্যাটজ, যার বিক্রির পরিমাণ ২ দশমিক ৫ বিলিয়ন ডলার, এবং ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল, যিনি পেয়েছেন ২ দশমিক ২ বিলিয়ন ডলার। 

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং কোম্পানির বাজারমূল্য ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সময় প্রায় ১ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেন। 

অ্যারিস্টা নেটওয়ার্কসের প্রধান নির্বাহী জয়শ্রী উল্লালও প্রায় ১ বিলিয়ন ডলার নগদায়ন করেছেন। এসব বিক্রির বড় অংশ আগাম নির্ধারিত লেনদেন পরিকল্পনার আওতায় হয়েছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর বাজার উত্থানই এই নগদায়নের প্রধান চালিকা শক্তি ছিল। মেটার মার্ক জাকারবার্গ ফাউন্ডেশনের মাধ্যমে শেয়ার বিক্রি করেন, আর প্যালো আল্টো নেটওয়ার্কস ও রবিনহুডের শীর্ষ কর্মকর্তারাও উল্লেখযোগ্য অঙ্কের মুনাফা তুলেছেন।

ডিবিটেক/বিএমটি