মোবাইলে চ্যাটজিপিটির আয়ে নতুন মাইলফলক
চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ বিশ্বজুড়ে গ্রাহক ব্যয়ে নতুন রেকর্ড গড়েছে। অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপফিগারসের তথ্যমতে, আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে ২০২৩ সালের মে মাসে চালুর পর থেকে এখন পর্যন্ত অ্যাপটিতে ভোক্তারা মোট ৩ বিলিয়ন ডলার ব্যয় করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ব্যয়ের বড় অংশই এসেছে চলতি বছরে। খবর টেকক্রাঞ্চ।
২০২৫ সালে বিশ্বব্যাপী চ্যাটজিপিটির মোবাইল অ্যাপে ব্যবহারকারীরা আনুমানিক ২.৪৮ বিলিয়ন ডলার খরচ করেছেন, যা আগের বছরের তুলনায় ৪০৮ শতাংশ বেশি। ২০২৪ সালে এই অঙ্ক ছিল ৪৮৭ মিলিয়ন ডলার, আর প্রথম বছরে আয় হয়েছিল মাত্র ৪২.৯ মিলিয়ন ডলার। অর্থাৎ খুব অল্প সময়েই অ্যাপটির আয় দ্রুতগতিতে বেড়েছে।
অ্যাপফিগারস জানায়, মাত্র ৩১ মাসে ৩ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে চ্যাটজিপিটি, যেখানে টিকটকের মতো শীর্ষ অ্যাপের লেগেছে প্রায় ৫৮ মাস। ডিজনি প্লাস ও এইচবিও ম্যাক্সের মতো স্ট্রিমিং সেবাকেও পেছনে ফেলেছে এই গতি।
বর্তমানে চ্যাটজিপিটির আয়ের মূল উৎস মাসিক সাবস্ক্রিপশন। তবে ভবিষ্যতে ডেভেলপার সেবা, বিজ্ঞাপন এবং নতুন অ্যাপ স্টোর-ভিত্তিক আয় যুক্ত হলে এই প্রবৃদ্ধি আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ডিবিটেক/বিএমটি







