জার্মান কপিরাইট আইন ভঙ্গের দায়ে ওপেনএআইকে জরিমানা
জার্মানির একটি আদালত রায় দিয়েছে যে, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি দেশটির কপিরাইট আইন লঙ্ঘন করেছে। সংগঠনটি অনুমতি ছাড়া লাইসেন্সপ্রাপ্ত সঙ্গীতকর্ম ব্যবহার করে তাদের ভাষা মডেল প্রশিক্ষণ দেওয়ায় এই রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। খবর রয়টার্স।
গত বছর নভেম্বরে জার্মানির সঙ্গীতস্বত্ব ব্যবস্থাপনা সংস্থা জেমা এই মামলাটি দায়ের করে। আদালত ওপেনএআইকে অঘোষিত পরিমাণ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি রায়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করে জানিয়েছে, তারা পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছে।
জেমার প্রধান নির্বাহী টোবিয়াস হোলজমুলার বলেন, “আজ আমরা এমন একটি নজির স্থাপন করলাম যা ক্রিয়েটরদের অধিকার রক্ষা করবে। চ্যাটজিপিটি’র মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জামের অপারেটরদেরও কপিরাইট আইন মানতে হবে।”
বিশ্লেষকদের মতে, এটি ইউরোপে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রথম গুরুত্বপূর্ণ আইনি রায়, যা ভবিষ্যতে আরও বহু মামলার দিক নির্দেশনা দেবে।
ডিবিটেক/বিএমটি



