সূর্যের আলোয় চলবে ব্র্যাক
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির জন্য নিজেদের ৩২টি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবে বেসরকারী সংস্থা ব্র্যাক। সৌর বিদ্যুতের শক্তিতে এসব স্থাপনার জ্বালানী শক্তি মেটাতে ১০ নভেম্বর, সোমবার ঢাকার মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টারে এ নিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল) এর সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং আইডিসিওএলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোর্শেদ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প- আইডিসিওএল সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. আশাদুজ্জামান এবং ব্র্যাক এর নগর উন্নয়ন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রধান আর্থিক কর্মকর্তা মো. সাব্বির আহমেদ ও জলবায়ু পরিবর্তন পরিচালক মো. লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
চুক্তির অধীনে ব্র্যাকের জন্য মোট ৪.০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে আইডিওসিওএল।
ব্র্যাক এবং আইডিসিওএল এর যৌথ অর্থায়নে পরিচালিত এই প্রকল্পে বাংলাদেশের ২১টি জেলার ৩২টি ব্র্যাক স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে। প্রতিটি স্থাপনার ক্ষমতা স্থাপনার আকার এবং কার্যকারিতার উপর নির্ভর করে নির্ধারিত হবে। এর মধ্যে কয়েকটি প্যানেল থেকে ৫১১ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হবে। প্রকল্পটি সমর্থন করার জন্য আইডিসিওএল কারিগরি সহায়তা প্রদান করছে।
এই প্রকল্পের মাধ্যমে, ব্র্যাক, ব্র্যাক এন্টারপ্রাইজেস, আয়েশা আবেদ ফাউন্ডেশন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে, নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক ব্যাবহারের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের নেট মিটারিং নীতির সাথে সামঞ্জস্য রেখে, উৎপাদিত যেকোন উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে, যার ফলে ব্র্যাক ঋণ বা আর্থিক সুবিধা পাবে।
ডিবিটেক/আইএইচ



