ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকে যুক্ত হলো ডিজিটাল 'ট্রাক মুভমেন্ট'

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকে যুক্ত হলো ডিজিটাল  'ট্রাক মুভমেন্ট'
১৮ ডিসেম্বর, ২০২৫ ২১:৩৮  

ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাকের চলাচল আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে 'ট্রাক মুভমেন্ট' নামে নতুন একটি সাব-মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাইলট প্রকল্প হিসেবে বেনাপোল কাস্টমস হাউসে মডিউলটি চালু হলেও খুব শিগগিরই দেশের সব স্থলবন্দরে ট্রাক মুভমেন্ট নামের সাব-মডিউলটির লাইভ অপারেশন শুরু করা হবে বলে জানাগেছে।

এনবিআর সূত্রে প্রকাশ, ভারত থেকে আসা আমদানি পণ্যবাহী ট্রাকের প্রবেশ এবং খালি ট্রাকের ফেরত যাওয়ার তথ্য ইলেকট্রনিকভাবে সংরক্ষণের উদ্দেশ্যে এই সাব-মডিউলটি তৈরি করা হয়। এরপর পাইলট প্রকল্প হিসেবে সোমবার বেনাপোলে এই ব্যবস্থা চালু করা হয়। এর ফলে প্রতিটি ভারতীয় ট্রাকের আগমন ও বহির্গমনের সঠিক তথ্য সংরক্ষিত থাকবে এবং কার্যকরভাবে প্রতিটি ট্রাক মনিটরিং করা সম্ভব হবে।

এনবিআরের ভাষ্য অনুযায়ী, এই ব্যবস্থার মাধ্যমে ভারতের সব ট্রাকের অবস্থানকাল নির্ণয় করা যাবে। একই সঙ্গে তথ্য ব্যবস্থাপনা সহজ হবে, রাজস্বহানি রোধে সহায়ক ভূমিকা রাখবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং রিয়েল-টাইম রিপোর্ট তৈরি করা যাবে।

এ বিষয়ৈ এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বলেছেন, প্রাথমিকভাবে বেনাপোল কাস্টমস হাউসে এ সাব-মডিউলটির পাইলট কার্যক্রম গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এর আগে ভারতীয় ট্রাকের আগমন ও বহির্গমন সংক্রান্ত কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো। নতুন ডিজিটাল সাব-মডিউল চালুর মাধ্যমে প্রতিটি ট্রাকের প্রকৃত আগমন ও বহির্গমনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। এর ফলে ট্রাকের অবস্থানকাল নির্ণয় এবং প্রতিটি ট্রাক কার্যকরভাবে নজরদারি করা সম্ভব হবে। এ ব্যবস্থার মাধ্যমে তথ্য ব্যবস্থাপনা সহজ হবে, রাজস্বহানি রোধে সহায়তা করবে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি রিয়েল-টাইম রিপোর্ট প্রণয়ন করা সম্ভব হবে।

ডিবিটেক/অস/ইক