স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধে ক্রোমের নতুন ফিচার
গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম এবার স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় ওয়েবসাইট নোটিফিকেশন বন্ধ করার ব্যবস্থা আনছে। ব্যবহারকারী যদি দীর্ঘ সময় কোনো ওয়েবসাইটে প্রবেশ না করেন বা তাতে ইন্টারঅ্যাকশন না করেন, তবে ক্রোম স্বয়ংক্রিয়ভাবে সেই সাইটের নোটিফিকেশন অনুমতি (পারমিশন) বাতিল করে দেবে। খবর এনগ্যাজেট।
নতুন এই ফিচারটি ক্রোমের বিদ্যমান সেফটি চেক সিস্টেমের মতো কাজ করবে, যা আগে ক্যামেরা ও লোকেশন ব্যবহারের অনুমতিতে স্বয়ংক্রিয় পদক্ষেপ নিতে পারত। ক্রোমের অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ—দুই সংস্করণেই ফিচারটি ধীরে ধীরে চালু করা হবে।
খবরে বলা হয়, কোনো সাইটের নোটিফিকেশন বন্ধ হলে ক্রোম তা ব্যবহারকারীকে নিজেই জানিয়ে দেবে। চাইলে ব্যবহারকারী আবার ম্যানুয়ালি সেই অনুমতি পুনরায় চালু করতে পারবেন বা সেফটি চেকের মাধ্যমেও সেটিং পরিবর্তন করা যাবে।
গুগলের তথ্যমতে, বর্তমানে ক্রোমে প্রেরিত নোটিফিকেশনের মধ্যে মাত্র ১ শতাংশ-এর সঙ্গেই ব্যবহারকারীরা কোনোভাবে ইন্টারঅ্যাক্ট করেন। সংস্থার অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, নোটিফিকেশনের সংখ্যা কমে গেলে ব্যবহারকারীরা প্রাপ্ত নোটিফিকেশনে আরও বেশি মনোযোগী হন।
ডিবিটেক/বিএমটি







