প্রেসক্রিপশন ওষুধের জন্য ভেন্ডিং মেশিন আনছে অ্যামাজন ফার্মেসি

প্রেসক্রিপশন ওষুধের জন্য ভেন্ডিং মেশিন আনছে অ্যামাজন ফার্মেসি
৯ অক্টোবর, ২০২৫ ১৭:০১  

ইকমার্স জায়ান্ট অ্যামাজন ফার্মেসি তাদের ওয়ান মেডিক্যাল ক্লিনিকে প্রেসক্রিপশন ভেন্ডিং মেশিন চালু করতে যাচ্ছে। নতুন এই ইন-অফিস কিয়স্কের মাধ্যমে রোগীরা চিকিৎসকের প্রেসক্রিপশন দিয়ে ওষুধ সংগ্রহ করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।

প্রথমে লস অ্যাঞ্জেলেসের ওয়ান মেডিক্যাল ক্লিনিকগুলোতে ডিসেম্বর থেকে এই সেবা শুরু হবে এবং পরে অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে। 

চিকিৎসক প্রেসক্রিপশন দেওয়ার পর রোগীরা চাইলে সেটি সরাসরি অ্যামাজন ফার্মেসিতে পাঠাতে পারবেন। এরপর মোবাইল অ্যাপে মূল্য পরিশোধ করলে কয়েক মিনিটের মধ্যেই ওষুধ প্রস্তুত হয়ে যাবে।

কিয়স্কগুলোতে অ্যান্টিবায়োটিক, ইনহেলার, রক্তচাপের ওষুধসহ সাধারণ প্রেসক্রিপশন ওষুধ পাওয়া যাবে, তবে নিয়ন্ত্রিত পদার্থ বা রেফ্রিজারেশন প্রয়োজন এমন ওষুধ এতে থাকবে না।

রোগীরা অ্যামাজন অ্যাপে মূল্য, ছাড়, ইনস্যুরেন্স কপে দেখতে পারবেন এবং প্রয়োজনে ভিডিও বা ফোনে ফার্মাসিস্টের সঙ্গে কথা বলার সুযোগও পাবেন।

অ্যামাজন ফার্মেসির ভাইস প্রেসিডেন্ট হানাহ ম্যাকক্লেলান বলেন, “ডাক্তারের পর ফার্মেসিতে আলাদা করে যেতে হয় বলেই অনেক রোগী প্রেসক্রিপশন অনুযায়ী ঠিকঠাকভাবে ওষুধ গ্রহণ করেন না।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রে সিভিএস, ওয়ালগ্রিনস ও রাইট এইডসহ বড় ফার্মেসি চেইনগুলো বিপর্যস্ত অবস্থায় রয়েছে। নতুন এই উদ্যোগে অ্যামাজন আরও বেশি প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি